জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি তুর্কি পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের পার্লামেন্টে হওয়া বৈঠকে দুই দেশের সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক পরিবর্তন ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠকের খবর জানানো হয়। তুর্কি পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিও সেখানে ছিলেন; বিরোধীদলীয় নেতার প্রতিনিধিদলে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী শিক্ষাবিদ ড. হাফিজুর রহমান ও চিকিৎসক ডা. এস এম খালিদুজ্জামান।

আলোচনায় স্পিকার কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন যাত্রাকে অভিনন্দন জানান এবং এই উত্তরণে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন। শফিকুর রহমান সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে তার দলের পদক্ষেপগুলো তুর্কি স্পিকারকে জানান।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চান জামায়াত আমির। রোহিঙ্গাদের পাশে থাকার জন্য তুরস্কের সরকার ও জনগণকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি তুর্কি প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি স্পিকারের হাতে তুলে দেন।

বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তার আশা, অর্থনীতি, সংসদ, শিক্ষা, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও মানবিক কার্যক্রমের প্রসারে দুই দেশের জনগণের সম্পর্ক আরও গভীর হবে; বন্ধুত্বকে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় জানায় উভয় পক্ষ।