দিল্লিতে এক আন্তর্জাতিক কনফারেন্সে শেখ হাসিনা—এমন দাবিতে একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা গেছে, ছবিটি সাম্প্রতিক নয়, দিল্লিরও নয়; ২০১৩ সালের জানুয়ারিতে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় শেখ হাসিনার এই ছবি তোলা হয়।

রুশ প্রেসিডেন্টের দাপ্তরিক ওয়েবসাইটে ১৫ জানুয়ারি ২০১৩ তারিখে প্রকাশিত এক প্রেস রিলিজে ছবিটি রয়েছে; তাতে বলা হয়, ক্রেমলিনে পুতিন ও শেখ হাসিনার বৈঠকের ছবি এটি। একই দিন বিবিসি বাংলার ওয়েবসাইটের একটি প্রতিবেদনেও ওই বৈঠকের খবর পাওয়া যায়।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন, তবে এখন পর্যন্ত তাঁর প্রকাশ্যে আসার কোনো খবর মেলেনি। অর্থাৎ দিল্লির কনফারেন্সের বলে প্রচারিত ছবিটি ২০১৩ সালে মস্কোয় তোলা।