‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে দুর্গাপূজার অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-২ আসনের এই সংসদ সদস্য এ কথা বলেন।
দুলু জানান, সম্প্রতি নাটোরে ৩৫টি ও রাজশাহী বিভাগে ৩৫১টি পূজামণ্ডপ বেড়েছে, যা নির্বিঘ্নে ও স্বাধীনভাবে পূজা উদযাপনে হিন্দু সম্প্রদায়ের আগ্রহের ইতিবাচক প্রকাশ।
হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান নির্বিশেষে সবাই বাংলাদেশি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশই সবার অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র—এ কথা সবাইকে মনে রাখতে হবে।
অনুষ্ঠানে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০টি মন্দিরের জন্য নিজের তহবিল থেকে সব মিলিয়ে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদান তুলে দেন তিনি।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়সহ পরিষদের নেতারা, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






