‘আওয়ামী লীগ নেতার ৭ বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করেছে বিএনপি’—এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের বিহারের একটি ঘটনার।

হাসান শাবাব নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ০১ মার্চ দেওয়া এক পোস্টের ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়; ওই পোস্টে দৃশ্যটি সন্দলপুর গ্রামের বলে উল্লেখ ছিল।

এরপর খোঁজ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে ০২ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। তাতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি বিহারের কাটিহারা জেলার কোলাসি থানাধীন সন্দলপুর গ্রাম থেকে নয় বছরের একটি শিশু নিখোঁজ হয় এবং পরদিন একটি ভুট্টাক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

সাম্প্রতিক সময়ে বিএনপির হাতে আওয়ামী লীগ নেতার শিশুসন্তান ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে, এমন কোনো তথ্যও গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো উৎসে মেলেনি। ফলে ভিডিওটি যে ভারতের, তা নিশ্চিত।