স্পেনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির রাজা ষষ্ঠ ফিলিপকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে চিঠিটি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তুলে দেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর কাছে।
শুভেচ্ছাপত্রে রাজা, রাজপরিবার, সরকার ও স্পেনের জনগণকে অভিনন্দন জানিয়ে দেশটির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। বাণিজ্য-বিনিয়োগ থেকে শুরু করে উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, অভিবাসন ও পর্যটনে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের কথা বলা হয়, বিশেষভাবে উল্লেখ করা হয় স্পেনপ্রবাসী বাংলাদেশিদের অবদানও।
স্পেন দূতাবাসের এ আয়োজনে বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন ও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন। ছিলেন আলী আহমাদ মাবরুরও, যিনি বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য।






