বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে ফাঁকা হওয়া সংরক্ষিত নারী আসনে ভোট হবে ১২ নভেম্বর। সোমবার (১২ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে উপনির্বাচনের এ তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তপশিল অনুযায়ী, নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে ২৬ অক্টোবরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে; বাছাই হবে ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর।
গত ১ অক্টোবর পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি; মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-ভাঙচুরে তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। পরে সংসদ সচিবালয় গেজেট প্রকাশ করে আসনটি শূন্য ঘোষণা করে।
ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং উপসচিব মোহাম্মদ মনির হোসেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন।
কারা প্রার্থী হতে পারবেন, জানতে চাইলে মো. মঈন উদ্দীন খান জানান, আসনটি বিএনপি জোটের বলে জোটের মনোনীত প্রার্থীরাই এতে লড়বেন। একাধিক প্রার্থী হলে ভোট হবে, আর একজন হলে প্রত্যাহারের সময় শেষে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হবেন।






