যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘেরাও করে স্লোগান ও হেনস্তায় যারা অংশ নিয়েছে, তাদের শনাক্ত করে বিচার চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দেওয়া বিবৃতিতে দলটি ঘটনার কড়া নিন্দা জানায়।
এনসিপির মতে, একজন সাবেক সরকারপ্রধান ও বিশ্বখ্যাত ব্যক্তিকে বিদেশে এভাবে লাঞ্ছিত করা দেশবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড। দলটি জানায়, গণমাধ্যমে আসা ভিডিও ও প্রতিবেদনে যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীসহ দুই সংগঠনের কয়েকজনকে ঘটনাস্থলে দেখা যায়।
এনসিপির অভিযোগ, দেশের মাটি ব্যবহার করতে না পেরে ‘পতিত ও পলাতক’ আওয়ামী লীগ বিদেশে দেশের সূর্যসন্তানদের অপদস্থ করার পথ নিয়েছে, যাকে সাধারণ মানুষ সন্ত্রাস হিসেবেই দেখে। এ ঘটনায় আবারও প্রমাণ হয়েছে যে দলটির সঙ্গে কোনো রিকনসিলিয়েশন সম্ভব নয়, মন্তব্য করে এনসিপি।
ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে হেনস্তায় অংশ নেওয়া প্রত্যেককে শনাক্ত করার দাবি জানিয়েছে এনসিপি। গণমাধ্যমের খবরে নাম আসা আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও বলেছে দলটি।
বিবৃতিতে আরও বলা হয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এখন সময়ের দাবি। বিচার ছাড়াই দলটির সঙ্গে রিকনসিলিয়েশনের যেকোনো আলোচনাকে ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে দেখে এনসিপি।






