জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার হাসিনা সরকারের দেখানো পথ ধরেই চলছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের দাবি, সরকার গণভোটকে অস্বীকার করছে এবং জুলাই সনদও বাস্তবায়ন করছে না।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুরের উচিং শহীদ আব্দুল মালেক মিলনায়তনে মহানগর জামায়াত আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি। সম্মেলনের সভাপতি ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন।

দেশের সার্বিক অবস্থা তুলে ধরে জামায়াত আমির বলেন, মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠা পায়নি, উল্টো সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় ব্যাপক হারে বেড়েছে। গত নির্বাচনের আগে একটি দল প্রচার করত যে ভোট হলেই সব সংকট মিটবে, অথচ এখন সমস্যা দ্বিগুণ হয়েছে এবং বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি আর দলীয়করণ জেঁকে বসেছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এভাবে চলতে থাকলে আপনাদের গন্তব্য হবে হাসিনার মতোই।’

শফিকুর রহমান বলেন, ২০২৪ সালে তাঁর দল ও তরুণ প্রজন্মের আশা ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু এই সরকারের সময়ে বৈষম্য নতুন মাত্রা পেয়েছে এবং আগের সরকারের মতোই শিক্ষাঙ্গনে দলীয়করণ, লুটপাট ও উন্নয়নকাজে ভাগ বসানো চলছে বলে দাবি করেন তিনি।

মুসলিম বিশ্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিজেদের মধ্যে ঐক্যের অভাব এবং সৌদি আরবসহ নানা মুসলিম দেশে রাসুল (সা.)-এর আদর্শ উপেক্ষিত হওয়ায় মুসলিম বিশ্ব আজ ক্ষতির মুখে। তাঁর মতে, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ক্ষমতা একনায়কতন্ত্রের হাত থেকে আরেক লুটেরার হাতে গেছে, আর এর বিপরীতে জনগণ জামায়াতে ইসলামকেই একমাত্র নিরাপত্তার জায়গা মনে করে।

রুকনদের তিনি সুরা-কালাম হৃদয়ে লালন করে ইসলামী চেতনা নিয়ে এগিয়ে চলা, নিজের নফস ও পরিবারকে নিয়ন্ত্রণে রাখা এবং মানুষের সঙ্গে সম্মান ও সদাচরণ বজায় রাখার আহ্বান জানান। তাঁর ভাষ্য, কেবল তলোয়ারের জোরে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি; রাসুলের আচরণে মুগ্ধ হয়ে বিদায় হজে ১ লাখ ২০ হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন।