প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শন, কাজের ধরন ও মানুষের প্রতি দায়বোধের প্রশংসা করে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মণি বলেছেন, ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া।’ শনিবার (১৭ অক্টোবর) জেলার সাংবাদিকদের সঙ্গে বরগুনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, তারেক রহমান গ্রামগঞ্জে ঘুরে বেড়ান, সাদামাটা জীবন যাপন করেন এবং মানুষের কষ্ট বুঝতে চেষ্টা করেন। তার দাবি, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে শেখ হাসিনা একসময় খুনি বলে আক্রমণ করতেন, কিন্তু তারেক রহমান প্রতিশোধের রাজনীতির বদলে দেশ গড়ায় জোর দিয়েছেন; প্রধানমন্ত্রীর মতে, মানুষের জন্য অনেক কাজ বাকি থাকায় এখন প্রতিশোধের সময় নয়।
প্রধানমন্ত্রীকে কর্মঠ ও মানবদরদি আখ্যা দিয়ে নুরুল ইসলাম মণি জানান, তিনি রাত জেগে কাজ করেন। কৃষকদের আর্থিক কষ্ট কমাতে সরকারের প্রথম দিকের সিদ্ধান্তগুলোর একটি ছিল ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা, যা কৃষকদের বড় উপকারে আসবে বলে মনে করেন তিনি।
সরকারের সামাজিক কর্মসূচি তুলে ধরে চিফ হুইপ জানান, দলমত-নির্বিশেষে দরিদ্র ও অসহায় ৫০ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা আছে, যার মাধ্যমে প্রত্যেকে মাসে আড়াই হাজার টাকা সহায়তা পাবেন। শিশুদের জন্য মিড-ডে মিল, বিনা মূল্যে বই, শিক্ষার্থীদের ইংরেজি ও কারিগরি দক্ষতা বাড়ানোর কর্মসূচি এবং মেয়েদের এমএ পর্যন্ত পড়াশোনার খরচ বহনের সিদ্ধান্তের কথাও বলেন তিনি।
জিয়াউর রহমানের শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর সাবেক এই রাষ্ট্রপতির নেতৃত্বে মাত্র তিন বছরে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। খাল খনন, পোশাকশিল্পের প্রসার ও হাঁস-মুরগি পালনের উদ্যোগেও তার বড় ভূমিকা ছিল বলে উল্লেখ করেন চিফ হুইপ।
শারদীয় দুর্গোৎসবের প্রসঙ্গ তুলে চিফ হুইপ বলেন, সংবিধানে সব নাগরিকের সমান অধিকার স্বীকৃত; হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষকে সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে থাকতে হবে। তিনি জানান, হিন্দু সম্প্রদায় দুর্গাপূজার আয়োজনে চার কোটি টাকা চাইলেও প্রধানমন্ত্রী এক কোটি বাড়িয়ে পাঁচ কোটি টাকা দিয়েছেন, পাশাপাশি এবার পূজায় পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে।






