দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সৌদি আরবে কার্যকর হওয়ার ঘটনা নিয়ে টেলিভিশন টকশোতে করা মন্তব্যের জন্য দুঃখ জানিয়ে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। মন্তব্যটি নিঃশর্তভাবে প্রত্যাহারও করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) ফেসবুকে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা জানান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ঘটনাটি নিয়ে আলোচনার সময় রতন বলেছিলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’

মন্তব্যটি ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমসহ নানা মহলে সমালোচনা শুরু হয়, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও নিহতদের স্বজনেরা ক্ষুব্ধ হন।

বিবৃতিতে রতন ব্যাখ্যা দেন, টকশোতে বিষয়টিকে কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সংকীর্ণভাবে দেখতে গিয়ে আবেগতাড়িত হয়ে তিনি কথাটি বলে ফেলেছিলেন। মন্তব্যটি করা মোটেও উচিত হয়নি বলেও স্বীকার করেন তিনি।

এ কথায় নিহতদের পরিবার-পরিজন ও প্রবাসী ভাইবোনেরা যে কষ্ট পেয়েছেন, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চান এই সংসদ সদস্য। মানুষমাত্রই ভুল করে উল্লেখ করে ভুল বুঝে ক্ষমা চাইতে পারাকে তিনি মহান আল্লাহর বিশেষ নেয়ামত বলেন।