প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আধুনিক কৃত্রিম পা পেয়েছেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, যিনি ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। এর ব্যবস্থা করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

আগের কৃত্রিম পা অনেক দিন ব্যবহারের পর অকেজো হয়ে পড়ায় চলাফেরায় চরম কষ্টে ছিলেন সাইফুল। নতুন পা লাগানোর পর এখন লাঠি ছাড়াই স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন তিনি।

সোমবার ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় উদ্যোগটি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় নেতাকর্মীদের সহায়তায় এগিয়ে এসেছেন। রফিকুল ইসলাম নেতাকর্মীদের চিকিৎসা ও শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ রাখেন এবং সাধ্যমতো অসুস্থ ও অসহায় কর্মীদের চিকিৎসার বন্দোবস্ত করে পাশে দাঁড়ান বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম ২০০৯ সালের এক সড়ক দুর্ঘটনায় পা হারান। এরপর বহু বছর কৃত্রিম পায়ে ভর করে চললেও একসময় সেটি নষ্ট হয়ে যায়।

তার এ দুর্ভোগের কথা অধ্যাপক রফিকুল ইসলামকে জানান স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিন খান। পরে ব্র্যাক হেলথ সেন্টারের সহায়তায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাইফুলের জন্য নতুন কৃত্রিম পায়ের ব্যবস্থা করেন তিনি।