ধর্মকে ঘিরে যারা বিভেদ তৈরি করে, তাদের দেশ ও জাতির শত্রু বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখার সময় তিনি এ মন্তব্য করেন।
মঞ্জুর মতে, ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে সহনশীলতা রাষ্ট্রের ঐক্যকে মজবুত করবে, তাই দায়িত্বশীল কারও উচিত নয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা উত্তেজনায় উৎসাহ দেওয়া। ‘ধর্ম যার-উৎসব তার-রাষ্ট্র সবার’—এই নীতি মেনে সম্প্রীতি ও সৌহার্দ্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান আমার বাংলাদেশ (এবি) পার্টির এই নেতা।
দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ফেনী শহরতলীর কুমিরা পূজামণ্ডপ, বাঁশপাড়া দূর্গা মন্দির, উত্তর খানেবাড়ী দুর্গা কালী মন্দির ও জগন্নাথ বাড়ী মন্দিরসহ বেশ কয়েকটি মণ্ডপে যান। ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মণ্ডপের সার্বিক অবস্থা ও আয়োজকদের খোঁজ নেন তিনি।
পরিদর্শনের সময় মঞ্জু বলেন, যে যে ধর্মেরই অনুসারী হোক, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। রাজনৈতিকভাবেও কারও অধিকারে কোনো পার্থক্য নেই, আর সেই অধিকার রক্ষা করাই রাষ্ট্রের দায়িত্ব।
তবে ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের কর্তৃত্ব ও আধিপত্য কায়েম করতে গিয়ে বরাবরই নাগরিকদের মধ্যে বৈষম্য তৈরি করে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, ক্ষমতাকেন্দ্রিক এই দ্বন্দ্বে কখনো কখনো ধর্মীয় পরিচয়কে কাজে লাগিয়ে বিভাজন ঘটানো হয়।
এ সময় দলের ফেনী জেলা আহ্বায়ক আহছান উল্যাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, এবি যুবপার্টির আহবায়ক শফি উল্যাহ পারভেজসহ দলের নানা স্তরের নেতাকর্মী এবং মণ্ডপসংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।






