প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন মন্তব্য করেছেন, বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শকুনের মতো ঠুকরে খাবে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ফেসবুকের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি এ কথা লেখেন।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জামায়াতের বেশির ভাগ এমপি কখনো রাজপথে ছিলেন না, অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ আর ওয়েলফেয়ার মেকানিজমের থিওরিতে ভর করে এমপি হয়েছেন; তাই সংসদে বা মাঠে বিরোধী দলের নেতা হিসেবে কথা বলতে গিয়ে তারা প্রায়ই খেই হারাচ্ছেন।
সরকার সম্পর্কে জামায়াত আমিরের বক্তব্যকে ‘আউল ফাউল’ আখ্যা দিয়ে তিনি লেখেন, এ নিয়ে মানুষ হাসাহাসি করছে। তার অভিযোগ, অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে সরকার ও বিরোধী দলের যে সমন্বয় দরকার, জামায়াত তা ধারণ করতে পারছে না, বরং শেখ হাসিনার বিরুদ্ধে তারা যে ভাষায় কথা বলতেন, নির্বাচিত সরকারকে নিয়ে জামায়াতও প্রায় সেই সুরে কথা বলছে।
শক্তিশালী বিরোধী দল সাজতে গিয়ে পালিয়ে যাওয়া, হেলিকপ্টার প্রস্তুত রাখা কিংবা আরেকটি গণঅভ্যুত্থানের মতো কথা বলে নিজেদের হাসির পাত্র না বানাতে জামায়াত নেতাদের অনুরোধ জানান তিনি। পোস্টের শেষ লাইনে তিনি লেখেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ তাদের ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে।






