দুর্গাপূজা নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ড ভুয়া ও মিথ্যা বলে দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফটোকার্ডটিতে নাম ব্যবহার করা হয়েছে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের, যিনি দলের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দলের পক্ষে বিবৃতিটি দেন প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে জানানো হয়, ডা. তাহের দীর্ঘদিন অসুস্থ ও চিকিৎসাধীন। জোবায়দা রহমান নামে একটি ফেসবুক আইডি থেকে ‘দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামায়াত নেতা তাহের’ শিরোনামের ফটোকার্ডটি ছড়ানো হয়। এমন প্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীকে অনুরোধ করেন জুবায়ের।

সম্মানিত ব্যক্তিদের নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে তাদের সম্মানহানির অপচেষ্টা বন্ধের আহ্বান জানিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করেন তিনি।