কেউ আদিবাসী, কেউ সনাতন ধর্মাবলম্বী, কেউ পাহাড়ে আবার কেউ সমতলে থাকলেও দিন শেষে সবার পরিচয় বাংলাদেশি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তাই নিজেকে দুর্বল বা সংখ্যালঘু কিংবা সংখ্যায় কম ভাবার কোনো কারণ কারও নেই বলে মনে করেন তিনি।
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরে কাদিমনগর সার্বজনীন দুর্গামন্দিরের দুর্গোৎসব ঘুরে দেখার পর মতবিনিময় সভায় মঙ্গলবার (২০ অক্টোবর) রাত প্রায় ১১টায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী অভিযোগ করেন, নির্বাচনের আগে মানুষের মন জয়ে যারা পূজায় স্বেচ্ছাসেবক পাঠিয়েছিল, গত বছর মাঠে দেখা গেলেও এবার তাদের কোনো দেখা মিলছে না। এ প্রসঙ্গে তার প্রশ্ন, ‘তাহলে কি ক্ষমতার জন্যই রাজনীতি করেছিলেন?’
মানুষের পাশে থাকা, তাদের কথা বলা ও জনকল্যাণে কাজ করাই রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অতীতে যেমন মানুষের পাশে ছিল, সরকারে থেকেও এখন তেমনি সেবা দিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে তিনি মানুষের মধ্যে গড়ে ওঠা আস্থা আরও মজবুত করা এবং আগামী প্রজন্মের জন্য মানবিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঘোড়াঘাটের ইউএনও রুবানা তানজিন, থানার ওসি মাহমুদ হাসান, উপজেলা ও পৌর বিএনপির নেতারা এবং মন্দিরের সভাপতি হিমাংশু কুমার সাহা উপস্থিত ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে ছিলেন।






