রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আইনশৃঙ্খলা বাহিনী ও একটি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি এবং প্রায় দুই হাজার পর্যটকের আটকে থাকার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সংশ্লিষ্টদের ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়ে সঠিক তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি প্রশ্ন তোলেন, সাজেককে ঘিরে কী হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে জামায়াত আমির লেখেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই।’ সময় থাকতে সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।
সাজেকের উজো বাজার এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোলাগুলি শুরু হয়। সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির অনির্দিষ্টকালের সড়ক অবরোধে সেখানে প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েছিলেন।
সকালে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় পর্যটকদের খাগড়াছড়ির পথে পাঠানোর সময় উজো বাজারে অবরোধকারীরা বাধা দেন। লাঠিচার্জ করে সড়ক খুলে দেওয়ার পর বেলা ১১টার দিকে গাড়িবহর এলাকা ছাড়লেও আধা ঘণ্টার মধ্যে দফায় দফায় গোলাগুলি শুরু হয়, যা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলছিল বলে পুলিশ জানায়।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি সামলাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। নিরাপত্তাজনিত কারণে বুধবার সন্ধ্যা থেকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রেখেছে জেলা প্রশাসন; বারবার অবরোধ ও বন্ধের কারণে স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও বাসিন্দারা চরম দুর্ভোগ ও আর্থিক ক্ষতিতে পড়েছেন।






