আওয়ামী লীগ আমলে গ্রেপ্তারের পর নির্যাতন ও ডান্ডাবেড়ি পরানোর অভিযোগ তুলে ১১ বছর আগের একটি ছবি ফেসবুকে দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব নয়ন বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পোস্টটি দেন।

নয়ন জানান, আওয়ামী লীগের একতরফা ভোটের পর ২০১৫ সালে বিএনপির আন্দোলনের সামনের সারিতে থেকে তিনি গ্রেপ্তার হন। তার অভিযোগ, তখন আওয়ামী লীগের পেটোয়া বাহিনী তাকে অসহনীয় নির্যাতন করে এবং ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে প্রায় বিনা চিকিৎসায় ফেলে রাখে।

নয়নের অভিযোগ, যেসব সুশীল এখন সামাজিক মাধ্যম ও টকশোতে সরব, তারা তখন রাজপথ থেকে দূরে থেকে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলতেন, এখন ত্যাগী নেতাকর্মীদের জ্ঞান দেন। নিজেদের বড় বিপ্লবী দাবি করা হঠাৎ গজিয়ে ওঠারা ২০২৪ সালের ৫ আগস্টের আগে আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় ছিলেন, এখন অন্যদের গুপ্ত বলছেন বলেও মন্তব্য করেন তিনি।

নয়ন লেখেন, ‘আওয়ামী লীগের পতন হঠাৎ করে হয়নি।’ তার দাবি, বিএনপি ও এর নেতাকর্মীরা দীর্ঘ আন্দোলনে মাঠ তৈরি করে ফসল ফলিয়েছেন, আর জুলাইয়ে সেই ফসল ঘরে তোলা হয়েছে।