স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচিটি হবে ৩০ অক্টোবর, দুপুর ৩টায়। শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, আইনশৃঙ্খলার অবনতি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এ আয়োজন।

প্রথম দাবি, ব্যর্থতার দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে সরে যেতে হবে। দ্বিতীয় দাবিতে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে গণভোটের রায় অনুযায়ী একটি সংবিধান সংস্কার পরিষদ চাওয়া হয়েছে, আর তৃতীয় দাবি সাইবার আইনসহ যেসব আইনকে দলটি কর্তৃত্ববাদী মনে করে, সেগুলোর বাতিল।

এনসিপির ভাষ্য, ফ্যাসিবাদের পতনের পর মানুষ গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক যে দেশের প্রত্যাশা করেছিল, খুন, সরকারদলীয় সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ছিনতাই আর বাজার সিন্ডিকেটের দাপটে তা এখন ভেঙে পড়ার উপক্রম। ব্যবসায়ী, পেশাজীবী থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এর ভুক্তভোগী বলে দাবি দলটির।

দলটি জানায়, নেত্রকোণায় ১৫ অক্টোবর এক সাংবাদিক প্রকাশ্যে গুলিতে খুন হন, পরদিন চট্টগ্রামের সীতাকুণ্ডে একইভাবে প্রাণ যায় আরেকজনের। কক্সবাজারে ১৯ অক্টোবর একদিনেই বিভিন্ন সড়কে ৫০ থেকে ৬০টি গাড়ি ডাকাতির কবলে পড়ে এবং ২৪ সেপ্টেম্বর সরকারদলীয় এক সংসদ সদস্যের নেতৃত্বে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করে এনসিপি।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) হিসাব উদ্ধৃত করে দলটি বলে, নয় মাসে গণপিটুনিতে ১৮৭ জন নিহত হয়েছেন, আর রাজনৈতিক সহিংসতা ও বিএনপির নিজেদের কোন্দলে প্রাণ গেছে ১১৩ জনের; এ সময়ে ধর্ষণের শিকার ৬৩৭ জন নারীর বেশির ভাগই শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনার দায়ে অন্তত ২২ জন গ্রেপ্তার হয়েছেন বলেও দাবি দলটির।

বিজ্ঞপ্তির হিসাবে, এলপিজি গ্যাসের দাম আগের ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায়, আর মাসিক বিদ্যুৎ বিল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা থেকে উঠেছে ৪ হাজার টাকা পর্যন্ত। বাজারে ডিমের ডজন এখন ১৪০ থেকে ১৪৫ টাকা, মসুর ডালের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা, চাল ৭০ থেকে ৯০ টাকা এবং সয়াবিন তেলের লিটার ২০০ থেকে ২১০ টাকা।

এতে নিম্ন ও মধ্যবিত্তের জীবন দুর্বিষহ হয়েছে এবং পরিস্থিতি সামলাতে সরকার ব্যর্থ বলে মন্তব্য করে এনসিপি ৩০ অক্টোবরের কর্মসূচিতে দেশবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।