ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বুধবার (২৮ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়ে ফয়সল আমীন বলেন, নির্বাচনের আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে সব শ্রেণি-পেশার ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবেন বলে তিনি আশাবাদী।

ফয়সল আমীন অভিযোগ করেন, ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। এসব অভিযোগের কয়েকটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে। কখনো মিথ্যাচার, আবার কখনো হামলা ও হুমকির মতো কর্মকাণ্ডের অভিযোগ তুলে নির্বাচনের পরিবেশ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা চলছে।

নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগও অস্বীকার করেন বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, ‘বিএনপি এ ধরনের হীন কর্মকাণ্ডে জড়িত নয়। বরং একই অভিযোগ তাদের বিরুদ্ধে আমাদেরও।’

নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার বিষয়ে ফয়সল আমীন জানান, ফলাফল যা-ই হোক, তিনি তা মেনে নেবেন। তার মতে, ফলাফল মেনে না নেওয়ার অর্থ গণতান্ত্রিক আদর্শে বিশ্বাস না করা। গণতন্ত্রের মূল কথা হলো জনগণের মতামতকে সম্মান করা।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এখন ভোটগ্রহণের অপেক্ষায় রয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করাই এখন গুরুত্বপূর্ণ।

Source: জাগো নিউজ২৪