জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শোভাযাত্রায় এক কর্মীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা ও সমালোচনার কেন্দ্রে এসেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

ঘটনাটিকে কেউ কেউ শৃঙ্খলা রক্ষার প্রয়াস হিসেবে দেখছেন। অন্যদিকে অনেকে বলছেন, একজন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলার পাশাপাশি রাজিব আহসানের রাজনৈতিক সহকর্মীদের কেউ কেউ তাঁর পক্ষেও অবস্থান নিয়েছেন।

যাঁকে লাথি মারা হয়েছে, সেই কর্মী শফিকুল ইসলাম শফিক নিজেই বলছেন, তাঁর নেতা তাঁকে শাসন করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সমাজবিজ্ঞানীদের মতে, শৃঙ্খলা রক্ষার যুক্তি দেখিয়েও কাউকে লাথি মারা সমর্থনযোগ্য নয়। তাঁদের প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতি বদলের কথা বলা হলেও দায়িত্বশীল নেতাদের আচরণে সেই পরিবর্তন কতটা প্রতিফলিত হচ্ছে।

যেভাবে ঘটনার সূত্রপাত

গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করা হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শেষ হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শোভাযাত্রাকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শোভাযাত্রা শেষ হওয়ার পর ওই রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান একজনকে লাথি মারছেন।

পরে জানা যায়, লাথির শিকার ব্যক্তির নাম শফিকুল ইসলাম শফিক। তিনি রাজধানীর লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য।

সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। টিম ন্যাশনালিস্ট ভয়েস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রিফাত হোসেন তাঁর ফেসবুকে লেখেন, একজন প্রতিমন্ত্রী কীভাবে সবার সামনে একজন কর্মীর গায়ে লাথি মারতে পারেন। তিনি প্রশ্ন করেন, একজন কর্মী কি মানুষ নন, তাঁর আত্মসম্মান, মর্যাদা ও সম্মানবোধ নেই কি না।

রাজিব আহসানকে উদ্দেশ করে রিফাত হোসেন আরও লেখেন, কর্মীরা না থাকলে আজ তাঁরা মন্ত্রী হওয়ার অবস্থানে পৌঁছাতে পারতেন না। যাঁদের ঘাম, শ্রম, ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে তাঁরা ক্ষমতার চেয়ারে বসেছেন, সেই কর্মীরাই অপমানিত হচ্ছেন। তিনি উল্লেখ করেন, কর্মীরাই একটি রাজনৈতিক দলের মূল শক্তি এবং কর্মীদের অবদান অস্বীকার করে কোনো নেতৃত্ব টিকে থাকতে পারে না।

ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে রিফাত হোসেন ক্ষমতার দম্ভ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তাঁর ভাষায়, অহংকার পতনের মূল এবং জনগণের দেওয়া দায়িত্বকে ব্যক্তিগত আধিপত্য মনে করা উচিত নয়।

আবিএম তৌহিদুল ইসলাম আদনান নামের আরেকজন ফেসবুকে লিখেছেন, ‘এই মন্ত্রীকে বহিষ্কার করা হোক।’

অন্যদিকে রাজিব আহসানের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান নিয়েছেন তাঁর রাজনৈতিক সহকর্মীদের কেউ কেউ। স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরদার নুরুজ্জামান এক ফেসবুক পোস্টে রাজিব আহসানকে ‘এক উজ্জ্বল নক্ষত্র’ আখ্যা দেন।

রাজিব আহসানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলের প্রথম বর্ষ থেকে পরিচয়ের কথা তুলে ধরে সরদার নুরুজ্জামান লেখেন, তিনি খুব কাছ থেকে রাজিবকে দেখেছেন। ৭ নভেম্বরের ঘটনার সময় তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানান।

সরদার নুরুজ্জামানের ভাষ্য অনুযায়ী, সামনের সারির শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে রাজিব আহসান হিমশিম খাচ্ছিলেন। এ সময় কিছু কর্মী তাঁর গায়ের ওপর উঠে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন। বারবার অনুরোধ করার পরও তারা সেদিকে নজর দেননি। তাঁর দাবি, শৃঙ্খলা ফেরাতে রাগের বশবর্তী হয়ে রাজিব আহসান একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছেন এবং তাঁর দৃষ্টিতে এটি খুব বড় কোনো ঘটনা নয়। তাঁর মতে, নেতা কর্মীকে ভালোবাসতে জানেন, আবার শাসনও করতে জানেন।

ওই পোস্টে সরদার নুরুজ্জামান আরও দাবি করেন, ঘটনাটি নিয়ে একটি পক্ষ রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাঁর মতে, রাজিব আহসানকে বিতর্কিত করতে পারলে সুবিধাবাদীদের লাভ হবে।

‘নেতা আমাকে শাসন করেছেন’

যাঁকে লাথি মারা হয়েছে, লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সেই সদস্য শফিকুল ইসলাম শফিক জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং সেখানে তাঁরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে হাজির ছিলেন। তিনি জানান, সেখানেই তাঁর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম শফিক বলেন, শোভাযাত্রা শেষের পরদিন সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখতে পান। তাঁর অভিযোগ, তাঁর নেতার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ‘আমি মনে করি আমার নেতা আমাকে শাসন করেছেন।’ অর্থাৎ শফিকুল ইসলাম শফিক ঘটনাটিকে নিজের প্রতি নেতার শাসন হিসেবেই দেখছেন। তাঁর বক্তব্যে এ নিয়ে কোনো অভিযোগের সুর পাওয়া যায়নি।

সরকার ও দলের ভেতরে অস্বস্তি

ঘটনাটি নিয়ে সরকারের ভেতরেও অস্বস্তি রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন প্রতিমন্ত্রী জাগো নিউজকে বলেন, একজন প্রতিমন্ত্রী হয়ে তাঁর কর্মীর সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দলের জন্য যেমন বিব্রতকর, সরকারের জন্যও তেমনি বিব্রতকর।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে সংযত আচরণ করেন, দায়িত্বশীলদেরও সংযত হওয়া উচিত এবং এই দায়িত্বশীলদের থেকেই অন্যরা আচরণ শিখবে।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান জাগো নিউজকে বলেন, রাজিব আহসানের ক্ষেত্রে এমন হওয়ার কথা ছিল না, কারণ তিনি ছাত্রদলের সভাপতি ছিলেন। তাঁর মতে, হয়তো অবচেতন মনেই এটি ঘটেছে।

অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী জাগো নিউজকে বলেন, ‘এটা কিসের লাথি? দ্রুত সরে যাওয়ার জন্য বলা হয়েছে।’

‘ক্ষমতাকেন্দ্রিক দাম্ভিকতার বহিঃপ্রকাশ’

ঘটনাটিকে রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক। তিনি জাগো নিউজকে বলেন, একজন প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য তাঁর কর্মীর সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করেছেন, তা আসলে ক্ষমতাকেন্দ্রিক দাম্ভিকতা বা ক্ষমতাকেন্দ্রিক উচ্ছৃঙ্খল মানসিকতাকে নির্দেশ করে।

তাঁর ভাষ্য, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে কথা বলা হচ্ছে, সেই পরিবর্তন কেবল বাংলাদেশের মুখের বিবৃতিতে আছে, আচরণে তা খুঁজে পাওয়া যায় না। বরং যাঁরা যে রাজনৈতিক অবস্থানে আছেন, তাঁরা নিজেদের চেয়ে নিচের পদমর্যাদার নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে নানা ধরনের অগণতান্ত্রিক কৌশল অবলম্বন করছেন এবং একই সঙ্গে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণও করছেন।

ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ার বিষয়টি তুলে ধরে ড. তৌহিদুল হক বলেন, একজন প্রতিমন্ত্রী হয়তো ভাবেননি যে তাঁর এই আচরণ ক্যামেরায় ধরা পড়বে বা কারও দৃষ্টিগোচর হবে। এটি ইঙ্গিত দেয়, এ ধরনের পরিস্থিতি হরহামেশাই ঘটে। কে ঘটাচ্ছেন বা কার মাধ্যমে ঘটছে, সেটি ভিন্ন বিষয়। তিনি উল্লেখ করেন, বড় রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতেও একই ধরনের চিত্র দেখা যায়।

রাজনৈতিক কর্মসূচিতে জনসমাগম বাড়ানোর প্রবণতা ব্যাখ্যা করে তিনি বলেন, দলগুলোর নিজেদের নেতা-কর্মীদের অংশগ্রহণের পাশাপাশি নানা কৌশলে প্রভাব বিস্তার করে বিভিন্ন পর্যায় থেকে মানুষকে একত্র করা হয়। এর মাধ্যমে সমাবেশের পরিসর বড় করে দেখানোর চেষ্টা থাকে এবং এর একটি রাজনৈতিক কদর ও মূল্য রয়েছে। তবে তাঁর মতে, এর সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের যোগসূত্র নেই; বরং এটি বিশেষ শক্তির একধরনের প্রদর্শন। এ ধরনের কাজ করতে গিয়েই উচ্ছৃঙ্খল আচরণের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আচরণ ও রাজনৈতিক ভাবমূর্তির প্রসঙ্গ টেনে ড. তৌহিদুল হক বলেন, প্রধানমন্ত্রীর পোশাক, কথাবার্তা, নমনীয়তা, জনসম্পৃক্ত আচরণ ও ধৈর্যের যে প্রকাশ দেখা যাচ্ছে, তা বাংলাদেশের রাজনীতিতে নতুন। মানুষ তাঁর এই পরিবর্তনকে সাদরে গ্রহণ করেছে এবং রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে বিবেচনা করছে।

তবে শুধু একজন প্রধানমন্ত্রীর আচরণ পরিবর্তনের মাধ্যমে গোটা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা কঠিন বলে মনে করেন তিনি। তাঁর মতে, প্রধানমন্ত্রী যদি মন্ত্রিসভার সদস্য ও নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে নিজের এই আচরণগত পরিবর্তন আরও কার্যকরভাবে ছড়িয়ে দিতে পারেন এবং তাদের উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে বড় ধরনের পরিবর্তন সম্ভব।

শৃঙ্খলা ফেরানোর যুক্তিতে এ ধরনের আচরণকে সমর্থন করার বিষয়ে ড. তৌহিদুল হক বলেন, বড় রাজনৈতিক কর্মসূচি শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করতে সাংগঠনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের অনেক চাপ সামলাতে হয়। এ কারণে কখনো তাঁরা ধৈর্য হারাতে পারেন বা মেজাজ ধরে রাখতে ব্যর্থ হতে পারেন।

তবে তাঁর মতে, যাঁরা দায়িত্বে ও পদমর্যাদায় বড়, তাঁদের আরও বেশি সহনশীল ও ধৈর্যশীল হওয়া প্রয়োজন। গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলা করে কর্মসূচি সম্পন্ন করার চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, নেতাদের আচরণের মধ্য দিয়েই অন্য নেতা-কর্মীরা শেখেন। সেখানে দাম্ভিকতা, উচ্ছৃঙ্খলতা বা গণতান্ত্রিক মূল্যবোধবহির্ভূত আচরণ তাঁদের আশাহত করে। এ ক্ষেত্রে স্পষ্টভাবে বলা প্রয়োজন, এ ধরনের আচরণের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক নেতা-কর্মীদের এ ঘটনা থেকে শিক্ষা নিতে হবে।

‘লাথি মারা সভ্য সংস্কৃতির অংশ নয়’

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন জাগো নিউজকে বলেন, ঘটনার পুরোটা তিনি জানেন না, শুধু ভিডিও ক্লিপটি দেখেছেন। তাঁর ভাষায়, লাথি মারা শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য হোক, দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য হোক কিংবা মিছিলের সৌন্দর্য রক্ষার জন্যই হোক, কাউকে লাথি মারা তিনি কোনোভাবেই সমর্থন করবেন না।

তিনি বলেন, এটি অসভ্যতা ও বর্বরতা। শৃঙ্খলাভঙ্গ হলে তা নিয়ন্ত্রণের অনেক পন্থা আছে, কিন্তু লাথি মারা কোনো সভ্য সংস্কৃতির মধ্যে পড়ে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নমনীয় ও জনসম্পৃক্ত রাজনৈতিক আচরণের মাধ্যমে ইতিবাচক ভাবমূর্তি তৈরির প্রচেষ্টার প্রসঙ্গ টেনে মহিউদ্দিন খান মোহন বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা যদি প্রধানমন্ত্রীর আচরণ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে না পারেন, তাহলে তাঁর সব প্রচেষ্টাই বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী একজন ব্যক্তি এবং একই সঙ্গে একটি প্রতিষ্ঠানও। তিনি একা সবকিছু করতে পারবেন না। তাঁর সঙ্গে যাঁরা থাকবেন, তাঁর সহযোগী ও দায়িত্বশীল ব্যক্তিরা যদি তাঁর মতো আচরণ না করেন, তাহলে তাঁর সমস্ত প্রচেষ্টাই বিপদে পড়বে।

রাজিব আহসানের সাড়া মেলেনি

কর্মীকে লাথি দেওয়ার বিষয়ে বক্তব্য জানতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে জাগো নিউজ। তবে তিনি ফোন রিসিভ করেননি। তাঁর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

Source: জাগো নিউজ২৪