জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকারের ভেতরেই একটি ছায়া সরকার কাজ করছে। প্রশাসনের দায়সারা কর্মকাণ্ড জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ—এটা জনগণের কাছে প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রোববার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে তুরাগ উত্তর থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমির মো. মতিউর রহমান।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আমাদের আরও সজাগ হতে হবে। প্রিয় জন্মভূমির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে, ইনশাআল্লাহ। আমরা একটি মানবিক ঢাকা গড়ে তুলতে চাই, আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না, সে সরকার জনগণের সরকার নয়। এই সরকারের প্রথম ব্যর্থতা হলো জনগণের ৭০ শতাংশ ভোটের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। সরকার আজ জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যার মাশুল তারা দিতে শুরু করেছেন বলে তিনি দাবি করেন।

সেলিম উদ্দিন বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংসদের বিশেষ অধিবেশন ডেকে জুলাই সংস্কারের যে শপথ নেননি, সেই ভুলের মাশুল দিয়ে জুলাই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন। সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক কাঠামোয় রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদী চরিত্রের শাসনব্যবস্থা বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করার ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে তিনি সংগঠনের কর্মীদের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং তাঁরা যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছেন কি না, তা তদারকির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

তথ্যসূত্র: আমার দেশ পলিটিকস

Source: Amar Desh