দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। প্রতিবেদনটির তীব্র প্রতিবাদ জানিয়ে তারা তা প্রত্যাহার, সংশোধনী প্রকাশ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি দাবি না মানলে আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

গত বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি ছাপা হয়েছে। এটি কাকতালীয় নয়; বরং বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার একটি পরিকল্পিত প্রচেষ্টা।

‘মন্তব্য না নিয়েই জবাব দেননি লেখা হয়েছে’

জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, প্রতিবেদনে দাবি করা হয়েছে—মন্তব্য চাওয়া হলেও ডা. শফিকুর রহমান সাড়া দেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, এ দাবি সম্পূর্ণ অসত্য। প্রকাশের আগে ডা. শফিকুর রহমানের কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গী কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, কারও বক্তব্য না নিয়েই ‘জবাব দেননি’ লেখা সাংবাদিকতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান বিশ্বের অসংখ্য সরকার ও জনগণের। এ অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে চিত্রিত করা উদ্দেশ্যমূলক বিকৃতি। তিনি জানান, ডা. শফিকুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার বিরোধী।

সোশ্যাল মিডিয়া পোস্ট প্রসঙ্গে জামায়াতের ব্যাখ্যা

কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিতর্কিত পোস্টের বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পোস্টটি ডা. শফিকুর রহমান লেখেননি। তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে এটি প্রকাশ করা হয়েছিল। এর প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এসব তথ্য উপেক্ষা করে প্রতিবেদনে ডা. শফিকুর রহমানকে নারীবিদ্বেষী হিসেবে চিত্রিত করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে প্রতিবেদনে উপস্থাপিত বক্তব্যেরও সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, পতিত সরকারের আমলে ট্রাইব্যুনালের বিচারের ন্যায্যতা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন বিশেষজ্ঞ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা গুরুতর প্রশ্ন তুলেছে। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি রায়েও সে প্রশ্ন উঠে এসেছে। সেই বিচারের রায়কে প্রশ্নাতীত ইতিহাস হিসেবে দেখিয়ে ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগতভাবে দায়ী করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, পুরো প্রতিবেদন দাঁড়িয়ে আছে একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের ওপর। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি শেখ মুজিব ও তাঁর পরিবারের গুণকীর্তনমূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা ও পরিচালক। প্রতিবেদনে পাঠকদের কাছে তাঁর রাজনৈতিক পরিচয় গোপনে রাখা হয়েছে। তিনি বলেন, যাঁরা ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন, তাঁদের ‘উগ্রবাদী’ বলে চরিত্রহনন করা পতিত স্বৈরাচারের পুরোনো বয়ান।

কনসার্নস নোটিশ পাঠানো হয়েছে

ডা. শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এমপি ‘কনসার্নস নোটিশ’ পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)-এর ১২এ ধারায় প্রকাশক ন্যাশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেডকে এ নোটিশ পাঠানো হয়। এতে প্রতিবেদনের সাতটি মানহানিকর ইঙ্গিত চিহ্নিত করে সংশোধন, প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। তবে সে স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়। তিনি দাবি জানান, ‘দ্য অস্ট্রেলিয়ান’ অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার করুক, ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ করুক এবং প্রকাশ্যে সংশোধনী দিয়ে ক্ষমা চাক। অন্যথায় সব ধরনের আইনগত পদক্ষেপ নিতে তারা বাধ্য হবেন বলে উল্লেখ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

Source: Kalbela