তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে শ্রমিক মজলিস। সংগঠনটির বক্তব্য, বর্তমান বাজারদরের সঙ্গে এ মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের শান্ত থেকে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম ও সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ।
গ্রেডভিত্তিক মজুরি নির্ধারণের হিসাব
বিবৃতিতে দুই নেতা জানান, নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় সর্বসম্মতভাবে গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনের ভিত্তিতে প্রতিটি গ্রেডের বিদ্যমান মজুরি অন্তত ২ হাজার টাকা সমন্বয়েরও সিদ্ধান্ত হয়েছে।
তবে সবচেয়ে বেশি শ্রমিক যে গ্রেড-৪-এ কাজ করেন, সেই গ্রেডের মজুরি ১৮ হাজার টাকা করার দাবি জানিয়েছিলেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। কিন্তু মালিকপক্ষের দুই প্রতিনিধি এবং নিরপেক্ষ ও সরকারি পক্ষের দুই প্রতিনিধির ভোটে এটি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি সেই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন।
‘৩৬ শতাংশ বাড়লেও বাজারদরের সঙ্গে মিল নেই’
নেতারা জানান, এখন গ্রেড-৪-এর মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্তে ৪ হাজার ৫০০ টাকা, অর্থাৎ ৩৬ শতাংশ বাড়ানো হলেও তা বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের ভাষ্য, শ্রমিকদের দাবি অনুযায়ী আরও ১ হাজার টাকা বাড়িয়ে মজুরি ১৮ হাজার টাকা করা হলে মালিকপক্ষের ওপর বড় ধরনের চাপ তৈরি হতো না; বরং এতে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরত।
বিবৃতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার সঙ্গে পোশাকশ্রমিকদের মজুরির বৈষম্যের বিষয়টিও তুলে ধরেন সংগঠনটির নেতারা। তাদের দাবি, একজন নিম্নস্তরের সরকারি কর্মচারীর বেতন যেখানে প্রায় ৩৬ হাজার টাকা, সেখানে একজন পোশাকশ্রমিকের পক্ষে ১৭ হাজার টাকায় পরিবার নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। একই বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা হলেও দুই শ্রেণির মানুষের মধ্যে এমন ব্যবধান শ্রমিকদের হতাশ করেছে।
শিল্পাঞ্চলের স্থিতিশীলতা রক্ষার আহ্বান
এ পরিস্থিতিতে দেশের রপ্তানি খাত ও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিকদের ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছে শ্রমিক মজলিস।
পাশাপাশি বাজারদর ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানসম্মত ও স্থায়ী মজুরি কাঠামো গঠন, কারখানার মুনাফায় শ্রমিকদের ন্যায্য অংশীদারত্ব নিশ্চিত এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
শ্রমিকদের নিরাপদ আবাসন, রেশনিং ব্যবস্থা ও চিকিৎসাসেবা নিশ্চিত করে মালিক-শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার আহ্বানও জানানো হয়েছে ওই বিবৃতিতে।
Source: Amar Desh






