চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হলেও সেই মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে অবকাঠামোগত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির নজরুল ইসলাম। তাঁর ভাষ্য, বাণিজ্যিক রাজধানীর ঘোষণা এখনো স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, দেশের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ পরিচালিত হয় চট্টগ্রাম থেকে। এখানে চট্টগ্রাম বন্দর, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড), ইস্টার্ন রিফাইনারিসহ আমদানি-রপ্তানির গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে। এ কারণে চট্টগ্রাম সারা দেশের অর্থনীতির করিডোর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ বাণিজ্যিক রাজধানীর মর্যাদা অনুযায়ী নগরের অবকাঠামো গড়ে ওঠেনি। প্রয়োজনীয় স্থাপনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার দাবি জানান তিনি।

শ্রমিকদের জন্য ধর্মীয় ও মৌলিক সুবিধা নিশ্চিতের বিষয়েও কথা বলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, বন্দর, ইপিজেড, আমদানি-রপ্তানি ও উৎপাদনব্যবস্থাকে শ্রমিকবান্ধব করতে হবে। এখনো চট্টগ্রামের ইপিজেডগুলোতে শ্রমিকদের নামাজ আদায়ের পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে নারী শ্রমিকদের এ ক্ষেত্রে বেশি অসুবিধায় পড়তে হয় বলে উল্লেখ করেন নজরুল ইসলাম। উৎপাদনমুখী কারখানা ও আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের নামাজের ব্যবস্থা এবং ধর্মীয় মূল্যবোধের অনুকূল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের আলোচনা শুধু মজুরির মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে। কিন্তু প্রচলিত মজুরি কাঠামো একজন শ্রমিকের ন্যূনতম জীবনমান নিশ্চিত করার জন্য যথেষ্ট নয় বলে তাঁর দাবি। গবেষণা সংস্থার প্রতিবেদন, শ্রমিকদের দাবি ও মালিকপক্ষের আবেদন বিবেচনায় নিয়ে জীবনযাত্রার ন্যূনতম মান নিশ্চিত হয় এমন মজুরি কাঠামো তৈরি করতে হবে বলে মত দেন তিনি।

শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সম্ভব হলে প্রতিষ্ঠানের লভ্যাংশের অংশীদার করার প্রস্তাব দেন তিনি। তাঁর ভাষ্য, মুনাফার অংশ পেলে শ্রমিকদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি মালিকানার বোধ তৈরি হবে। এতে উৎপাদনশীলতা বাড়বে এবং অর্থনীতি এগিয়ে যাবে।

আত্মহত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু দুনিয়াকেন্দ্রিক চিন্তা ও প্রেরণা দিয়ে মানুষের মধ্যে মানবিকতা প্রতিষ্ঠা এবং প্রকৃত মুক্তি নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে ধর্মীয় অনুপ্রেরণার গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। শ্রমিক কল্যাণ ফেডারেশন দুনিয়ার কল্যাণের পাশাপাশি পরকালের মুক্তি ও জবাবদিহির চেতনা নিয়েও শ্রমিকদের গড়ে তুলতে চায় বলে জানান তিনি।

সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম।

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী

Source: জাগো নিউজ২৪