বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ অব্যাহত রাখলে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও সরকারের পতন একই সঙ্গে ঘটবে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি, খুনের রাজনীতি ও তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না।
বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উপজেলা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ড. মুহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘আপনারা যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, একদিকে ঐক্যের কথা বলেন, আরেকদিকে পুনর্বাসন প্রকল্প জারি রাখেন, তাহলে মনে রাখবেন, শেখ হাসিনার আগমন এবং সরকারপতন একই সঙ্গে অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যদি আসেন, তাহলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। আর এটির জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যারা নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতিতরাই শেখ হাসিনা যে পথে আসবেন, সেখান থেকে ধরে নিয়ে তার ফাঁসি কার্যকর করবেন।’
ড. মুহাম্মদ রেজাউল করিম বর্তমান সময়ে বোমাবাজি, গাড়িসন্ত্রাস ও আগুনসন্ত্রাসের ঘটনা প্রসঙ্গে দাবি করেন, এসব ঘটনার পিছনে ক্ষমতাসীনদের হাত রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, তারাই অর্থবিত্ত দিয়ে এসব ফ্যাসিবাদী উপাদান পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছেন। মন্ত্রী-এমপি থেকে শুরু করে তারা কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে সাবেক আওয়ামী লীগ নেতাদের স্বাগত জানিয়েছেন।
জামায়াত নেতা আরও বলেন, ‘আজকে যিনি রাষ্ট্রপতি, তিনি তৎকালীন বিএনপির মহাসচিব ছিলেন। তিনি তার নির্বাচনি এলাকায় আওয়ামী লীগ কর্মীদের বলেছেন, আপনারা আমাদের ধানের শীষে ভোট দেন, আপনাদের সব মামলা তুলে নেওয়া হবে। আপনারা খুব শান্তিতে থাকতে পারবেন।’ তবে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এখন কি শান্তির বার্তা নিয়ে আসছে, না আগুন নিয়ে আসছে? সুতরাং এই আগুন শুধু আপনাদের ঘর জ্বালাচ্ছে না, এই আগুন গোটা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে।’
সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান। বক্তব্য দেন চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, সাবেক আমির নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।
Source: Dainik Sangram






