জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এই মামলায় সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। রাজধানীর বারিধারার একটি বাসা থেকে গত ১৭ নভেম্বর সকালে তাঁকে আটক করা হয়। এরপর এসআরবি তাঁকে ডিবির কাছে সোপর্দ করে এবং ওই দিনই মোতালেব হত্যা মামলায় তাঁর সাত দিনের রিমান্ডের আদেশ হয়।
রিমান্ড শেষে মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়। তখন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে সাঈদ খোকনের পক্ষে গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান।
‘সুনির্দিষ্ট অভিযোগ নেই’
গোলাম রাব্বানী বলেন, আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাঁকে বিনা কারণে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে; অথচ তিনি আগেও সাত দিন রিমান্ডে ছিলেন। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, সাত দিন যথেষ্ট সময় হলেও রিমান্ডে কিছু উদ্ধার হয়নি। তিনি বলেন, আসামি অসুস্থ এবং একজন রাজনৈতিক নেতা—তাঁকে হয়রানি করতেই রিমান্ড আবেদন করা হয়েছে।
গোলাম রাব্বানী আরও বলেন, সাঈদ খোকন এমন কিছু করলে মেয়র নির্বাচিত হতে পারতেন না। তিনি একজন রাজনৈতিক ব্যক্তি ও নির্বাচিত প্রতিনিধি। আইনজীবীর অভিযোগ, এভাবে অনেককে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং এ আসামি প্রতিহিংসার শিকার। তিনি রিমান্ড আবেদন বাতিল করে জামিনের প্রার্থনা করেন।
প্রসিকিউশনের যুক্তি
জবাবে কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, প্রসিকিউশনের একটি নীতি আছে; সহজে কারও রিমান্ড চাওয়া হয় না। যাঁকে প্রয়োজন, তাঁর রিমান্ড আবেদন করা হয়। সাঈদ খোকন একজন উল্লেখযোগ্য ব্যক্তি বলে উল্লেখ করে তিনি এ বিষয়ে এর বেশি কিছু বলতে চাননি। পরে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার বিবরণ
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলাটি করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনের নামও রয়েছে।
অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ডিএসসিসির মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি তিনি। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন সাঈদ খোকন।
Source: bdnews24






