রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি নয়, বরং তাঁর প্রত্যর্পণ ও আত্মসমর্পণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক এবং সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে মাহফুজ আলম বলেন, সন্ত্রাস ও হত্যার রাজনীতির পথ ছেড়ে আওয়ামী লীগকে গত ১৭ বছরের শাসনামলের সত্য স্বীকার করতে হবে। পাশাপাশি তাদের বিচারের মুখোমুখি হতে হবে এবং সন্ত্রাসের রাজনীতি পরিত্যাগের ঘোষণা দিতে হবে। এসব শর্ত পূরণ না হলে জাতীয় পুনর্মিলন নিয়ে কোনো আলোচনা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট তিনি পুনর্মিলনের প্রসঙ্গ তুলেছিলেন। তবে তাঁর অভিযোগ, আওয়ামী লীগের মধ্যে এখনো কোনো অনুশোচনা বা আত্মসমালোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মাহফুজ আলমের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাস ও হত্যার রাজনীতি চলতে থাকলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে। এর ফলে শিল্প ও বাণিজ্যের ক্ষতি হবে এবং মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হবে। এসবের দায় আওয়ামী লীগের পাশাপাশি তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্রকেও নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া চলমান আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

পোস্টের শুরুতেই মাহফুজ আলম নিজের ফেসবুক আইডি ফিরে পাওয়ার কথা জানান। তাঁর দাবি, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের সাইবার গ্রুপ ওই আইডি টেকডাউন করেছিল। পরে গত শুক্রবার তিনি আইডিটি ফিরে পান।

তথ্যসূত্র: চ্যানেল আই পলিটিকস।

Source: Channel i