তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিকের প্রাণহানির ঘটনার এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও মামলার বিচার কার্যক্রম শেষ না হওয়াকে ‘অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক’ বলেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম। মঙ্গলবার (২৪ নভেম্বর) আশুলিয়ায় আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন এবং মামলার বিচারে দীর্ঘসূত্রতার তীব্র প্রতিবাদ জানান।

সভায় তসলিম উল্লেখ করেন, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিহত শ্রমিকদের পরিবার আজও ন্যায়বিচারের অপেক্ষায় দিন কাটাচ্ছে। ওই মর্মান্তিক ঘটনায় অসংখ্য শ্রমিক আহত হন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেন।

শ্রমিকের জীবন ও নিরাপত্তার চেয়ে উৎপাদন ও মুনাফাকে প্রাধান্য দেওয়ার মানসিকতা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থতার ফলে এ ধরনের ভয়াবহ ট্র্যাজেডির জন্ম হয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, তাজরীন ট্র্যাজেডির বিচারহীনতা শ্রমিক সমাজের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তসলিম আরও বলেন, শ্রমিকের জীবন কোনোভাবেই অবহেলা ও অব্যবস্থাপনার শিকার হতে পারে না। তাজরীন ট্র্যাজেডির জন্য দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিহত শ্রমিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মামলার বিচার কার্যক্রম অবিলম্বে দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ফেডারেশনের এই নেতা। একই সঙ্গে দেশের সব শিল্পকারখানায় কার্যকর অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও জরুরি বহির্গমনপথ নিশ্চিত করা এবং শ্রমিকদের জীবন সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, তাজরীন ট্র্যাজেডির বিচার নিশ্চিত করা কেবল নিহত শ্রমিকদের পরিবারের অধিকার নয়; এটি দেশের সমগ্র শ্রমজীবী মানুষের ন্যায়বিচার ও নিরাপদ কর্মপরিবেশের প্রশ্ন। শ্রমিক হত্যার বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ফেডারেশনের কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা জেলা সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এবং জেলা সহসাধারণ সম্পাদক শেখ মো. আল-আমিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা সহসাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা সভাপতি হাফেজ ফয়জুল ইসলাম, জেলা কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রাসেল এবং আশুলিয়া থানা সেক্রেটারি রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Source: Dainik Sangram