বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাধিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার হয়ে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, ৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন এবং সেখানে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।

স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। বর্তমানে তারেক রহমানও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।

জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, তিনি এমন একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে।

পরাজিত শক্তির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কাজ করেন, তাদের এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে।

সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিজয়নগর ও পল্টন মোড় পেরিয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম মহসিন বিশ্বাস ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, ডা. জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, বর্তমান কমিটির সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট পলিটিক্স

Source: Dhaka Post