বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও প্রসার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম (এনসিএফ)’ নামে একটি নতুন সংগঠন গঠন করা হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত এক নির্দেশনায় ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসি ওয়াহিদ ও মহাসচিব কে এম হারুন অর রশিদকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ন্যাশনালিস্ট সাইবার ফোরামের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা কারা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যাশনালিস্ট সাইবার ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ফোরামের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সদস্যদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ফোরামের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে রয়েছেন মেজর (অব.) গনি উল আজম, রেজওয়ানুল হক শোভন, আবদুস সালাম জাহির, ডা. মনজুরুল ইসলাম ধ্রুব, হাসান মাহবুব ও কাজী বিন আকবর এবং মহিউদ্দিন আহমেদ সৈকতসহ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্টরা।
নির্বাহী কমিটিতে কারা
ফোরামের নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন দেওয়ান আলমাজ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার সুজাউল রহমান। ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন নুরনবী পাশা সবুজ ও সোনিয়া আক্তার স্মৃতি।
এছাড়া নির্বাহী কমিটিতে রয়েছেন জাকারিয়া আলম। যুগ্ম মহাসচিবের দায়িত্বে রয়েছেন লাবিব আবুল কালাম মুন্না, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাচেন্ড্র মেরিনার রিয়া, দপ্তর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজীব, প্রচার সম্পাদক হিসেবে কাজী বিন আকবর এবং কোষাধ্যক্ষ হিসেবে ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বলসহ অন্যরা।
Source: Kalbela






