প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জুলাই সনদকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘আস্ফালনের’ কারণে সাবেক ফ্যাসিবাদী শক্তি অস্থিরতা তৈরির সুযোগ পেয়েছে। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে জামায়াত ও এনসিপি সবচেয়ে বড় বিপদে পড়বে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। খবর কালবেলার।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ থাকার পরও লং মার্চের নামে আহাম্মকি কাজ করেছে জামায়াত ও এনসিপি।’ তিনি অভিযোগ করেন, এই ‘আস্ফালনের’ কারণেই পতিত ফ্যাসিস্টরা অস্থিরতা তৈরির সুযোগ পেয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের অনেকের মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য অন্যরা দেখভাল করছেন। সরকারি দলের অনেকে এসব ব্যবসা টেকওভার করে সুবিধা নিচ্ছেন। এসব ব্যবসা থেকে অর্জিত মুনাফা আবার শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরির কাজে অর্থায়ন করা হচ্ছে।’

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘গার্মেন্টস খাতকে ধ্বংস এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এমন বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। এর পেছনে পতিত ফ্যাসিস্টদের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, শুধু গাজীপুর এলাকাতেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে।’

এ প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ‘নিজেদের কোনো সঙ্গী-সাথী যদি এসব ব্যক্তিকে আশ্রয় বা সহযোগিতা করেন, তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে।’

Source: Kalbela