বাংলাদেশে ‘আওয়ামী সন্ত্রাসী’দের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এসব সন্ত্রাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিল শেষে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘আমি ওসমানীনগর, বিশ্বনাথ, সিলেটের। আমাদের এ অঞ্চলে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে আর আমরা বসে থাকব, তা হতে পারে না। আজ থেকে আমরা অঙ্গীকারাবদ্ধ হই, আওয়ামী সন্ত্রাসীদেরকে যেখানে যেখানে পাব, তাদেরকে পুলিশের হাতে তুলে দেব। আওয়ামী সন্ত্রাসীদের জায়গা ওসমানীনগর, বিশ্বনাথ, সিলেটসহ সারা বাংলাদেশে নেই। আজ থেকে প্রশাসনের সাথে মিলে আইনশৃঙ্খলা রক্ষা করব।’
তিনি আরও বলেন, ‘যারা বিদেশে থেকে আওয়ামী সন্ত্রাসীদের ইন্ধন দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আওয়ামী সন্ত্রাসীরা আজ দেশ থেকে বিতাড়িত, পালিয়ে গেছে আর তাদের সন্ত্রাসীরা "জয় বাংলা" বলে আগুন দিয়ে দৌড়ে পালায়। তাদের থেকে বিড়াল ভালো, বিড়ালও একটু দাঁড়ায়। আমরা ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসীদের প্রতিহত করবো। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। আমরা জাতিসঙ্ঘের সভাপতি পদে বিজয়ী হয়েছি। বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আমরা দেশে আনবো ইনশাআল্লাহ।’
এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, তাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য মিজানুর রহমান জনি প্রমুখ।
Source: Naya Diganta






