জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
বৈঠকের শুরুতে আলোচ্যসূচি অনুযায়ী বিগত দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিতকরণ করা হয়। এছাড়া দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি, প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মোহাম্মদ ফখরুল ইসলাম এমপি, মোসা. ফরিদা ইয়াসমিন এমপি, মো. সাইফুল আলম এমপি এবং মো. রাশেদুল ইসলাম রাশেদ এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে দক্ষিণ অঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া পদ্মা সেতু রেলসংযোগ, খুলনা-দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ সংক্রান্ত চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে জানানো হয়।
বৈঠকে আরও জানানো হয়, সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা-জুন ২০২৬ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে ‘প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা-২০২৬’ শীর্ষক একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সংশোধিত নির্দেশিকা এবং প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় অনুমোদন করা হবে। অনুমোদনের পর এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলেও বৈঠকে জানানো হয়।
কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়ার দীর্ঘমেয়াদি ইজারা, সার্ভিস এরিয়ার বিদ্যমান সুবিধাগুলো, যান চলাচল, টোল ও আয় বাড়াতে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, সেতু বিভাগের সচিব, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী (সচিব), রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: কালবেলা।
Source: Kalbela






