গোপালগঞ্জসহ দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এই কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম, শাহাবুদ্দীন বিশ্বাস, মাওলানা ইসমাইল হোসেন, জয়নাল আবেদিন ও পেশাজীবী থানার সভাপতি আবু ফয়সলসহ বিভিন্ন স্তরের নেতারা।

সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্যের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় প্রভাব অপরাধীদের রক্ষা করতে পারে না। অপরাধী যে দলেরই হোক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের কোথাও যেন সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা মানুষের সম্পদ লুটপাটের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই মতপার্থক্যকে কেন্দ্র করে সহিংসতা ও নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, শান্তি-শৃঙ্খলা এবং জনগণের অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ন্যায়বিচার, আইনের শাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করে। তারা এমন একটি বাংলাদেশ চান, যেখানে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে অপরাধীরা পার পাবে না এবং সাধারণ মানুষ নির্ভয়ে বসবাস করতে পারবে। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে সংঘটিত জুলুম-নির্যাতন, গুম-খুন ও রাজনৈতিক নিপীড়নের বিচার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি বর্তমান সময়ে যেখানেই সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটবে, সেখানেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের অধিকার, ন্যায়বিচার ও কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশকে অস্থিতিশীল করার সব অপচেষ্টা প্রতিহত করতে হবে এবং সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা যেন ব্যাহত না হয়, সে দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি জানান।

Source: Dainik Sangram