দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা, নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার চিত্র বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেছে সরকার। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা চেয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘাত উসকে দিয়ে দেশে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরির চেষ্টা করছেন। এর মাধ্যমে তাঁরা শান্তি-শৃঙ্খলা নষ্ট করার পাশাপাশি দেশের অর্থনৈতিক সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করতে চাইছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় বিদেশি কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে আন্তর্জাতিক অংশীদারদের অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্রিফিংয়ের আয়োজন করে। পরে দেশি-বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলে ব্রিফিংয়ের বিষয়বস্তু সম্পর্কে এসব তথ্য জানা গেছে।
সকাল ৯টায় শুরু হওয়া ব্রিফিং চলে প্রায় আধা ঘণ্টা। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকেরা অংশ নেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে ৫০টির বেশি মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে দেশের পাশে থাকতে এবং গঠনমূলকভাবে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ব্রিফিংয়ে বক্তব্য দেন কূটনৈতিক কোরের ডিন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।
হুমায়ুন কবির বলেন, ‘আমাদের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের বোঝাপড়া এবং গঠনমূলক সম্পৃক্ততাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কার্যক্রম এগিয়ে নিতে আমরা আপনাদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করি।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করাই এসব তৎপরতার উদ্দেশ্য। তাঁর ভাষ্য, মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিদেশে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তুলে ধরেন তিনি। তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, সাম্প্রতিক ঘটনাগুলো যাতে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়, পেশাদার ও আনুপাতিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব ঘটনায় তদন্ত চলছে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে আইনের যথাযথ প্রক্রিয়া, মানবাধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখার বিষয়েও সরকারের অঙ্গীকারের কথা জানান তিনি।
তিন সপ্তাহে ১৫৮ সহিংসতার ঘটনা
ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে হুমায়ুন কবির জানান, ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি স্থানে ১৫৮টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। এসব ঘটনার মধ্যে রয়েছে ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশের স্থাপনায় হামলা এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ।
তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দলটির নিবন্ধনও স্থগিত রয়েছে। এরপরও বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীরা মিছিল, অবরোধ ও বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন।
সহিংসতার কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার বিবরণও কূটনীতিকদের সামনে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, ১৭ নভেম্বর গোপালগঞ্জের একটি থানায় হামলা চালানো হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি ও থানার ভবনে আগুন দেন। এ সময় অস্ত্র ও গোলাবারুদ লুট এবং হেফাজতে থাকা আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য গুরুতর আহত হন।
এর দুই দিন পর, ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে আরেকটি থানায় হামলা হয়। সেখানে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত করা হয়। এ ছাড়া নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের বিষয়টিও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, সিলেটে পুলিশের গাড়িতে হামলা এবং নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলার তথ্যও তুলে ধরেন হুমায়ুন কবির।
তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনেও আওয়ামী লীগ ও দলটির নেতা-কর্মীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অর্থনীতিকে বাধাগ্রস্ত করা এবং শ্রমিকদের দুর্ভোগ বাড়ানোই এসব তৎপরতার লক্ষ্য।
৩৯ মামলা, গ্রেপ্তার ৬৬
সহিংসতার ঘটনায় আইনগত পদক্ষেপের তথ্যও কূটনীতিকদের জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩৯টি মামলা করেছে। এসব মামলায় ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং অর্থনীতি পুনরুজ্জীবিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ আকৃষ্ট করা এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের মতে, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো দেশের মানুষের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ এবং উন্নত ভবিষ্যৎ চায়। এসব লক্ষ্য অর্জনে সরকারের প্রচেষ্টায় আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।
Source: Protidiner Sangbad






