বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিদেশে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি ও রক্তপাতের মানসিকতা থেকে সরে আসেননি। তাঁর মতে, শেখ হাসিনার নির্দেশেই দেশে আবার রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি ও নাশকতা চালানোর চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার নির্দেশনায় ‘ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা’ দেশে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি বলেন, বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। এসব সহিংসতায় বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। নিহতদের মধ্যে কৃষক দলের দুজন এবং ভাঙ্গার একজন নেতা রয়েছেন বলে তিনি জানান।

বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এত সহিংসতা ও উসকানির পরও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথে না গিয়ে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিচ্ছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে, যা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কথা বলেছেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নের মুখে পড়েছে বলে মন্তব্য করেন রিজভী।

ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, লাখো মানুষের আত্মদান এবং দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও বাইরের কারও হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

বিজয়ের মাস উদ্যাপনের কর্মসূচি প্রসঙ্গে রিজভী জানান, আগামী ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী ‘বিজয়ের মাস’ উদ্যাপন শুরু করবে বিএনপি। এ উপলক্ষে বড় সমাবেশের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। ওই সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্য সচিব এসএম জাহাঙ্গীরসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Source: Dainik Bangla