সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। একই সঙ্গে তিনি বলেছেন, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে সহিংসতা বর্জন করতে হবে।

আজ সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় সাধারণ সম্পাদক ইমরুল কায়েসও বক্তব্য দেন।

প্রশ্নে উল্লেখ করা হয়, কেউ কেউ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পক্ষে মত দিচ্ছেন। পাশাপাশি পশ্চিমা দেশগুলো বৃহত্তর সমঝোতার স্বার্থে দলটির ওপর নিষেধাজ্ঞা বা তার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে পারে বলেও আলোচনা রয়েছে। এ প্রসঙ্গে ইইউর অবস্থান জানতে চাইলে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘আমি এখানে যা বলব তা হলো, ইইউর কোনো অবস্থান নেই। আমি যা বলব তা আমার নিজস্ব।’

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া পদক্ষেপ এবং বর্তমানে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো তারা লক্ষ্য করছেন। ‘আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল থাকুক। আর আমাদের কাছে এর সহজ অর্থ হলো ন্যায়বিচার,’ বলেন তিনি।

অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি মানে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা বলে মন্তব্য করেন মিলার। তিনি বলেন, ‘এখন সহিংসতা বর্জন এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানানো দরকার।’

ইইউ রাষ্ট্রদূত জানান, তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনগুলোর সঙ্গে কাজ করেছেন এবং সেখানে অনেক ভালো ধারণা ছিল। যারা এখন সরকারে রয়েছেন, তাদের সঙ্গে সম্পৃক্ত হতে চায় ইইউ, যাতে ওই ভালো ধারণাগুলো বাস্তবে রূপ নিতে পারে।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, ইইউ এ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের উচ্চাকাঙ্ক্ষা কতটা হবে, তা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা চাপের মুখে থাকলে তা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউ সদস্য দেশ এবং সংস্থাটির সদর দপ্তরের সঙ্গে আলোচনায় আসে। এটি তাদের প্রতিদিনের পর্যবেক্ষণের অংশ।

বাংলাদেশের সুশীল সমাজের সংগঠন, প্রতিষ্ঠান, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে ইইউ সম্পৃক্ততা অব্যাহত রেখেছে বলে জানান রাষ্ট্রদূত। মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কোনোভাবেই নিখুঁত নয়, তাই উন্নতির সুযোগ রয়েছে।

দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নে মিলার বলেন, পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় চলছে, এ সময় গণমাধ্যমের দায়িত্বশীল থাকা প্রয়োজন। নিরাপত্তা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের সুবিধায় প্রতিযোগিতায় এগিয়ে আছে। তবে জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়বে। ফলে বর্তমানের মতো একই সুবিধা ভবিষ্যতে ধরে রাখা কঠিন হতে পারে।

তিনি বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগীরা মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ক্ষেত্রে অনেক এগিয়ে। অন্যদিকে এলডিসি থেকে উত্তরণের পর নির্দিষ্ট রূপান্তরকাল শেষ হলে ইইউর সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হবে। এতে পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে পরিবর্তন আসবে এবং চাপ তৈরি হতে পারে।

এ পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং পোশাক খাতে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির চর্চা বাড়ানোর পরামর্শ দেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো দরকার বলে তিনি মনে করেন।

তবে এসব পরিবর্তন রাতারাতি সম্ভব নয় বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। পরিকল্পনা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে। তাই ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে এখন থেকেই ইইউর সঙ্গে আলোচনায় যুক্ত হওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে ইইউ প্রস্তুত বলে জানান মিলার। উত্তরণ প্রক্রিয়া মসৃণ ও পূর্বানুমেয় করতে উভয় পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দুই পক্ষের সম্পর্ক বিকশিত হচ্ছে। চ্যালেঞ্জ থাকলেও এ সম্পর্কের সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশে নিজের অবস্থানের সময় বাড়ানোর সিদ্ধান্তও সম্পর্কের বিকাশে তার আগ্রহের প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি। ইইউ বাংলাদেশের সঙ্গে দাতা-গ্রহীতা সম্পর্কের বদলে অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক গড়তে চায় বলেও জানান রাষ্ট্রদূত।

Source: Dainik Sangram