গত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করা বিএনপির নেতাকর্মীরাই দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলা করবেন বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে রোববার (২৯ নভেম্বর) দুপুরে নগরের নিউমার্কেট মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গেছেন। সেখানে বসে তিনি দেশে অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। এ সময় বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গত ১৭ বছর দেশে গুম, খুন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এসব ঘটনার বিচার দেখতে চায় দেশের মানুষ। বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যা, মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশুদেরও হত্যা করা হয়েছে। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল।
সমাবেশে প্রধান বক্তা চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিশু, কিশোর, শ্রমিক ও সাধারণ মানুষ হত্যার বিচার অবশ্যই হতে হবে। বিচারের প্রক্রিয়া নিজস্ব গতিতে এগিয়ে যাবে, এ বিচার থেকে কেউ রেহাই পাবে না। তিনি বলেন, শহীদ ওয়াসিম, আবু সাঈদ ও মুগ্ধসহ যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে, তা বৃথা যেতে দেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের নামে কেউ নাশকতা, অগ্নিসংযোগ, বোমাবাজি কিংবা হামলার চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না।
বিশেষ অতিথি বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ছাত্র-জনতা হত্যার বিচার এবং দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ধ্বংস ও দেশের সম্পদ লুটকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। গত ১৬-১৭ বছর নির্যাতন সহ্য করে যারা রাজপথে ছিলেন, তাদের মূল্যায়ন করতে হবে। কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো যাবে না।
কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুরুল রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. জাকিরের সঞ্চালনায় সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, হারুন জামান ও শিহাব উদ্দিন মুবিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম ও খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে নিউমার্কেট মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি মোড়ে গিয়ে শেষ হয়।
তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






