বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে চীনের শেনঝেনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বৃহত্তর চীন শাখা বিএনপি। শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত সভায় নেতাকর্মীরা প্রয়াত এই নেত্রীর জীবন ও কর্ম নিয়ে কথা বলেন।
সভাপতিত্ব করেন চীন শাখা বিএনপির নেতা ও সাবেক ছাত্রনেতা মো. ওয়ালী উল্লাহ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের নেতা এসএম আল-আমিন, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জিয়া হলের সাধারণ সম্পাদক ছিলেন।
সঞ্চালক আল-আমিনের মতে, দেশনেত্রী না থাকলেও তাঁর সংগ্রামী জীবন ও আদর্শ সামনের পথচলার প্রেরণা। কারাবাস ও অসুস্থতাকেও তিনি যেভাবে রাজনৈতিক হাতিয়ারে রূপ দিয়েছিলেন, সেই অদম্য মানসিকতা আজও নেতাকর্মীদের অনুপ্রাণিত করে বলে উল্লেখ করেন তিনি।
ওয়ালী উল্লাহ বলেন, জনগণের কল্যাণই ছিল বেগম জিয়ার রাজনীতির মূল কথা, রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য, এ কথা তিনি সব সময় বলতেন। তাঁর প্রয়াণে শূন্যতা তৈরি হলেও তাঁর শিক্ষা সামনের লড়াইয়ে পাথেয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
মো. রোমান, মনিরুল ইসলাম কবির, রাসেল আহম্মেদ, সিয়াম উদ্দিনসহ বৃহত্তর চীন বিএনপির নেতারাও বক্তব্য দেন। শেষে দোয়া মাহফিলে চীনের বিভিন্ন শহর থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের শতাধিক নেতাকর্মী।





