ঢাকা থেকে কুয়েতে যাওয়া এক বাংলাদেশি যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ তল্লাশির সময় তাঁকে আটক করা হয়।
কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমসের বরাতে জানা গেছে, ওই যাত্রীর কাছে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১টি ইয়াবা বড়ি পাওয়া যায়। আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আইনি ব্যবস্থার জন্য তাঁকে দেশটির মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
মাদকের বিষয়ে কুয়েত ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলে এবং বিমানবন্দরসহ সব প্রবেশপথে তল্লাশি জোরদার করেছে। এর আগেও মাদকসংশ্লিষ্ট অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
এত বড় চালান কীভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং পেরিয়ে গেল, সে প্রশ্ন তুলেছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা। কমিউনিটির নেতাদের আশঙ্কা, এ ধরনের ঘটনা দেশটিতে থাকা বাংলাদেশিদের ভাবমূর্তি ও শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর পেছনে কোনো কর্মকর্তা বা চক্র জড়িত কি না, তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
উপসাগরীয় দেশগুলোতে মাদক বহনের শাস্তি অত্যন্ত কঠোর। তাই বিদেশযাত্রায় অন্যের দেওয়া প্যাকেট বা মালামাল ভালোভাবে না দেখে বহন না করাই নিরাপদ।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট


