নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ মালদ্বীপের এক নাগরিক ও নেপালের এক নারীকে আটক করেছে পুলিশ। আটক মালদ্বীপের নাগরিকের বিরুদ্ধে এর আগে শ্রীলঙ্কায় মাদকপাচারের মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। প্রায় আট বছর কারাভোগের পর চলতি বছরের সেপ্টেম্বরে তিনি মুক্তি পান।
আটক মালদ্বীপের নাগরিকের নাম যুগীথু ইব্রাহিম (৪১)। তিনি মালদ্বীপের গা. ভিলিঙ্গিলি, আলিথারি এলাকার বাসিন্দা। অপর আটক ব্যক্তি ২০ বছর বয়সী নেপালি নারী স্নেহা রিমাল। নেপালের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার দিবাগত রাতে কাঠমান্ডুর থামেল এলাকার স্নোলাইন হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লাইনচৌর পুলিশ সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করে।
হোটেলকক্ষে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৫০ লাখ ৫০ হাজার নেপালি রুপি, চার হাজার ২১৫ ওমানি রিয়াল এবং ৫৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম উদ্ধার করা হয়। উদ্ধার করা অর্থের মোট আনুমানিক মূল্য মালদ্বীপের মুদ্রায় ছয় লাখ ৯৬ হাজার ১৭০ রুফিয়া বলে জানা গেছে।
নেপালের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আটক দুজন নিজেদের মধ্যে বিয়ের পরিকল্পনা রয়েছে বলে দাবি করলেও তাঁদের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া এত বিপুল পরিমাণ অর্থের বৈধ উৎস সম্পর্কেও তাঁরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। অর্থপাচারের সন্দেহে তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে। অধিকতর অনুসন্ধানের জন্য তাঁদের নেপালের অর্থপাচার তদন্ত বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটক মালদ্বীপের নাগরিক যুগীথু ইব্রাহিম এর আগেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন। ২০১৮ সালে শ্রীলঙ্কার বান্দারনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে ১ দশমিক ২৯৬ কেজি হেরোইনসহ তাঁকে আটক করা হয়। ওই মামলায় শ্রীলঙ্কার আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে প্রায় আট বছর কারাভোগের পর অপরাধের অভিপ্রায় প্রমাণিত না হওয়ায় গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার আপিল আদালত তাঁকে মুক্তি দেন।
এ ছাড়া ২০১৬ সালে মালদ্বীপের রাজধানী মালেতে একটি কার্যালয়ের অর্থ রাখার বাক্স থেকে টাকা চুরির অভিযোগেও তাঁকে আটক করা হয়েছিল। নেপালে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ আটকের ঘটনায় আবারও আলোচনায় এসেছেন যুগীথু ইব্রাহিম। তবে উদ্ধার করা অর্থের প্রকৃত উৎস এবং অর্থ পাচারের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
তথ্যসূত্র: জাগো নিউজ প্রবাসের প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






