আকস্মিক দুর্ঘটনা, হার্ট অ্যাটাক বা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে মুমূর্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তোলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবনরক্ষাকারী পদ্ধতির নাম সিপিআর (CPR) বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এই পদ্ধতিতে আক্রান্ত ব্যক্তির বুকে নির্দিষ্ট ছন্দে চাপ প্রয়োগ করা হয় এবং প্রয়োজনে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে মস্তিষ্ক ও হৃদপিণ্ডে রক্ত ও অক্সিজেন সঞ্চালন সচল রাখা হয়। অনেক পেশাগত ক্ষেত্রেই বিশেষত নিরাপত্তা কর্মী, জরুরি সেবাদাতা বা চিকিৎসাকর্মীদের জন্য ফার্স্ট এইড ও সিপিআর প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক হয়ে থাকে।
সিপিআর দেওয়ার সময় যেহেতু আক্রান্ত ব্যক্তির বুক স্পর্শ করতে হয়, অনেক সময় ঠোঁটে ঠোঁট লাগিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে হয়, তাই অনেক ধর্মপ্রাণ মুসলমানের মনে প্রশ্ন জাগে, জরুরি মুহূর্তে কোনো গায়রে মাহরাম বা বিপরীত লিঙ্গের অনাত্মীয় ব্যক্তির জীবন বাঁচাতে সিপিআর দেওয়া শরিয়তের দৃষ্টিতে বৈধ কি না। সম্প্রতি কানাডা থেকে তালহা নামের এক যুবক প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আসিম আল হাকিমের কাছে এই প্রশ্নটি রাখেন। তিনি জানান, নিরাপত্তাকর্মীর চাকরির সুবাদে তাকে ফার্স্ট এইড ও সিপিআর কোর্স করতে হয়েছে, কিন্তু দায়িত্ব পালনকালে কোনো নারীর ক্ষেত্রে এটি প্রয়োগ করার পরিস্থিতি তৈরি হলে তা জায়েজ হবে কি না, তা নিয়ে তিনি দ্বিধায় আছেন।
এই প্রশ্ন শুনে শায়খ আসিম আল হাকিম প্রথমেই প্রশ্নকারীকে পাল্টা প্রশ্ন করেন, ‘মৃত্যুপথযাত্রী কাউকে সিপিআর দেওয়া আর তাকে মৃত্যুর মুখে ফেলে রাখা এই দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিকর বা মন্দ?’ প্রশ্নকারী উত্তরে স্বীকার করেন যে, অবশ্যই সিপিআর দেওয়াই শ্রেয়।
এরপর শায়খ বলেন, ‘এমন কিছু বিষয় আছে যেখানে আপনাকে নিজের বিবেক-বুদ্ধি ও সাধারণ জ্ঞান (কমন সেন্স) ব্যবহার করতে হবে। এসব বিষয়ে কোনো শায়খকে জিজ্ঞেস করারও প্রয়োজন পড়ে না।’ তিনি বলেন, ‘আপনার সামনে যখন একজন মানুষ মারা যাচ্ছেন, তিনি একজন নারী, তার রক্তক্ষরণ হচ্ছে এবং আপনি রক্তপাত বন্ধ না করলে আগামী সাত থেকে দশ মিনিটের মধ্যে তিনি মারা যাবেন অথবা কারও জীবন সংকটাপন্ন, সিপিআর না দিলে তিনি বাঁচবেন না, এ রকম যে কোনো পরিস্থিতিতে আপনি অবশ্যই কোনো ধরনের দ্বিধা ছাড়াই তার জীবন বাঁচাতে এগিয়ে যাবেন। আপনি যদি ভাবেন, গাইরে মাহরামকে স্পর্শ করা তো হারাম, এতে কতটা গুনাহ হবে আর এসব ভাবতে ভাবতেই নারীটি মারা যান, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
শায়খ আসিম আল হাকিম আরও স্পষ্ট করেন যে, ‘এখানে স্পর্শ করার উদ্দেশ্য কোনো আনন্দ বা প্রবৃত্তির তাড়না নয়, বরং একটি মানুষের প্রাণ রক্ষা করা।’ এ প্রসঙ্গে শায়খ পবিত্র কোরআনের সুরা আল-মায়িদার ৩২ নম্বর আয়াত স্মরণ করিয়ে দেন। আল্লাহ তাআলা বলেছেন, ‘আর যে কেউ কোনো মানুষের জীবন রক্ষা করল, সে যেন গোটা মানবজাতির জীবন রক্ষা করল।’ (সুরা মায়েদা: ৩২)
নিজের ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে শায়খ বলেন, ‘আমার যদি এখন সেই শারীরিক শক্তি ও সময় থাকত, তবে আমি নিজেও এই কোর্সটি করতাম। মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় কোনো সওয়াবের কাজ হতে পারে না। চিকিৎসা ও জীবনরক্ষাকারী পেশা পৃথিবীর অন্যতম সুন্দর পেশা। ষাটের কোঠায় এসে আমার আফসোস হয় যে, সুযোগ থাকা সত্ত্বেও কেন আমি মেডিকেল স্কুলে পড়লাম না! নিষ্ঠার সাথে চিকিৎসকরা মানবজাতি ও উম্মাহর যে উপকার করতে পারেন, তা সত্যিই অতুলনীয়। সুতরাং, আপনি নিঃসংকোচে কোর্সটি সম্পন্ন করুন এবং সামনে এগিয়ে যান।’
ইসলামি ফিকহ বা আইনশাস্ত্রের অন্যতম প্রতিষ্ঠিত মূলনীতি হলো, ‘জরুরি প্রয়োজন নিষিদ্ধ বিষয়কেও বৈধ করে দেয়’। পর্দা ও গাইরে মাহরামকে স্পর্শ না করার বিধান যেমন শরিয়তের গুরুত্বপূর্ণ নির্দেশ, তেমনি মানুষের প্রাণ রক্ষা করাও শরিয়তের নির্দেশ। যখন কোনো মানুষের জীবন বিপন্ন হয় এবং তাৎক্ষণিক চিকিৎসা বা সিপিআর ছাড়া মৃত্যুর ঝুঁকি তৈরি হয়, তখন গাইরে মাহরামকে স্পর্শ করার নিষেধাজ্ঞা সাময়িকভাবে রহিত হয়ে যায়, বরং জীবন বাঁচাতে এগিয়ে যাওয়া ফরজ বা আবশ্যিক দায়িত্বে পরিণত হয়। তবে এ ক্ষেত্রে শর্ত হলো, চিকিৎসার প্রয়োজন যতটুকু, ঠিক ততটুকুতেই সীমাবদ্ধ থাকতে হবে এবং মনে কোনো ধরনের অসৎ উদ্দেশ্য থাকা যাবে না।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






