মানুষ দুনিয়ায় যেসব নেক আমল করে, আখেরাতে সেগুলোই তার মুক্তির অবলম্বন হবে। কবরের আজাব থেকে শুরু করে হাশরের ময়দান, আমলনামা গ্রহণ এবং পুলসিরাত পার হওয়া—প্রতিটি কঠিন মুহূর্তে নেক আমল মানুষের পাশে দাঁড়াবে। নবীজি (সা.) এক রাতে এমনই এক বিস্ময়কর স্বপ্ন দেখেছিলেন। সেখানে তিনি দেখেন, তার উম্মতের বিভিন্ন মানুষকে পরকালের নানা বিপদ থেকে তাদের দুনিয়ার নেক আমলগুলো রক্ষা করছে।

প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ ‘আত-তারগিব ওয়াত-তারহিব’-এর ১৬৮২ নম্বর হাদিসের আলোকে সেই স্বপ্নের বিবরণ এখানে তুলে ধরা হলো।

নবীজির (সা.) স্বপ্নে নেক আমলের প্রতিদান

স্বপ্নযোগে নবীজি (সা.) দেখলেন, তার উম্মতের এক ব্যক্তিকে আজাবের ফেরেশতারা চারদিক থেকে ঘিরে ফেলেছে। এমন সময় তার ওজু এসে তাকে তাদের হাত থেকে রক্ষা করল। আরেক ব্যক্তির ওপর কবরের আজাব শুরু হলে তার নামাজ এসে তাকে উদ্ধার করল।

অন্য একজনকে শয়তানরা ঘিরে ফেলেছিল। দুনিয়ায় তার করা আল্লাহর জিকির এসে তাকে শয়তানদের ফেতনা থেকে মুক্ত করল। এসব দৃশ্য থেকে বোঝা যায়, ওজু, নামাজ ও জিকিরের মতো নিয়মিত আমলও পরকালে মানুষের রক্ষাকবচ হবে।

রোজা, হজ ও ওমরার মর্যাদা

এরপর তিনি দেখলেন, এক ব্যক্তি তৃষ্ণায় কাতর হয়ে জিহ্বা বের করে হাঁসফাঁস করছে। এমন সময় রমজানের রোজা এসে তাকে পানি পান করিয়ে তৃষ্ণা মিটিয়ে দিল। আরেক ব্যক্তির সামনে, ডানে, বামে, ওপরে ও নীচে—সবদিকে অন্ধকার। সে অন্ধকারে ডুবে আছে। এমন সময় তার হজ ও ওমরাহ এসে তাকে সেই অন্ধকার থেকে আলোতে বের করে আনল।

অন্ধকারটি বিভ্রান্তির প্রতীক হতে পারে। আবার কেয়ামতের ময়দানের প্রকৃত অন্ধকারও হতে পারে। উভয় অবস্থাতেই হজ ও ওমরাহর মতো গুরুত্বপূর্ণ ইবাদত তার মুক্তির কারণ হলো।

মা-বাবার প্রতি সদাচরণ ও আত্মীয়তার সম্পর্ক

মা-বাবার প্রতি সদাচরণের প্রতিদানও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবীজি (সা.) দেখলেন, এক ব্যক্তির জান কবজ করতে মৃত্যুর ফেরেশতা এসেছেন। এমন সময় মা-বাবার প্রতি তার সদাচরণ এসে ফেরেশতাকে তার কাছ থেকে ফিরিয়ে দিল। একইভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষার আমলও একজন মানুষের বিপদের সময় পাশে দাঁড়াবে।

এক ব্যক্তি মুমিনদের সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু তারা তার সঙ্গে কথা বলছিল না। তখন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার আমল এসে সাক্ষ্য দিল যে, সে আত্মীয়দের সঙ্গে সদাচরণ করত। এরপর মুমিনরা তার সঙ্গে কথা বলল এবং তাকে নিজেদের অন্তর্ভুক্ত করল।

পবিত্রতা ও সদকার মর্যাদা

পবিত্রতা অর্জনেরও রয়েছে বিশেষ মর্যাদা। নবীজি (সা.) দেখলেন, তার উম্মতের এক ব্যক্তি নবীদের কাছে যাচ্ছে। নবীরা দলে দলে বসে আছেন। কিন্তু সে যখনই কোনো দলের কাছে যাচ্ছে, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এমন সময় স্ত্রী-সহবাসের পরে করা ফরজ গোসলের আমল এসে তার হাত ধরে নবীজির (সা.) পাশে বসিয়ে দিল।

অন্যদিকে, সদকা এক ব্যক্তির মাথার ওপর ছায়া হয়ে দাঁড়াল এবং জাহান্নামের আগুনের তাপ থেকে তার মুখকে আড়াল করল। সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করার আমলও আরেক ব্যক্তিকে আজাবের প্রহরীদের হাত থেকে রক্ষা করল।

আল্লাহর ভয়, ভালোবাসা ও সুধারণা

আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসার প্রতিদানও এই স্বপ্নে ফুটে উঠেছে। এক ব্যক্তি জাহান্নামের আগুনে পড়ে গেলে দুনিয়ায় আল্লাহর ভয়ে তার চোখ থেকে ঝরা অশ্রু তাকে সেখান থেকে বের করে আনল। আরেক ব্যক্তির আমলনামা বাঁ হাতে দেওয়া হচ্ছিল। আল্লাহর প্রতি তার ভয় এসে আমলনামাটি ডান হাতে তুলে দিল।

এক ব্যক্তির নেক আমলের পাল্লা হালকা হয়ে গেলে তার অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মারা যাওয়া সন্তানরা এসে তা ভারী করে দিল। আবার জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকা একজনকে আল্লাহর প্রতি তার ভয় সেখান থেকে উদ্ধার করল। ভয়ে কাঁপতে থাকা আরেক ব্যক্তির অস্থিরতা দূর হলো আল্লাহর প্রতি তার সুধারণার কারণে।

দরুদ ও কালিমার মাধ্যমে চূড়ান্ত মুক্তি

এরপর নবীজি (সা.) দেখলেন, এক ব্যক্তি কখনও হামাগুড়ি দিয়ে, কখনও বুকের ওপর ভর দিয়ে পুলসিরাত পার হওয়ার চেষ্টা করছে। এমন সময় নবীজির (সা.) প্রতি তার দরুদ পাঠের আমল এসে তার হাত ধরল এবং তাকে পুলসিরাতের ওপর দাঁড় করিয়ে দিল। এরপর সে নিরাপদে তা পার হয়ে গেল।

সবশেষে তিনি দেখলেন, এক ব্যক্তি জান্নাতের দরজায় পৌঁছেছে, কিন্তু তার সামনে দরজাগুলো বন্ধ। এমন সময় ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র সাক্ষ্য এসে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিল।

হাদিসের শিক্ষা

এই স্বপ্নে পরকালের কঠিন পরিস্থিতিতে মুক্তির জন্য বিভিন্ন নেক আমলের ভূমিকা তুলে ধরা হয়েছে। অজু, নামাজ, রোজা, হজ, উমরা, মা-বাবার প্রতি সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, গোসল, সদকা, সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ, আল্লাহর ভয়ে কান্না, তার প্রতি ভয় ও সুধারণা এবং নবীজির (সা.) প্রতি দরুদ পাঠ—প্রতিটি আমলেরই রয়েছে বিশেষ তাৎপর্য।

তাই আখেরাতের প্রস্তুতি নিতে হলে দুনিয়াতেই এসব আমলকে জীবনের অংশ করে নিতে হবে। আল্লাহ তাআলার রহমতে দুনিয়ায় করা নেক আমলই পরকালের কঠিন পথ পাড়ি দিতে মানুষের সহায় হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ ধর্ম

Source: জাগো নিউজ২৪