বাংলাদেশিসহ যেসব বিদেশি কর্মী নানা কারণে রোমানিয়ায় অবৈধ হয়ে পড়েছেন, তাঁদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। সুবিধাটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
রাজক্ষমা (এমনেস্টি) কর্মসূচির আওতায় ২৩ এপ্রিল জারি করা জরুরি অধ্যাদেশটি ২৭ এপ্রিল অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়। এর অনুচ্ছেদ ৫২-তে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা কর্মীদের জন্য এ সুযোগ রাখা হয়েছে।
দূতাবাস উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেছে, এতে অবৈধভাবে থাকা বহু বাংলাদেশি, বিশেষ করে বৈধভাবে ঢুকেও পরে অনাকাঙ্ক্ষিতভাবে অবৈধ হয়ে পড়া কর্মীরা, বৈধ হওয়ার পথ পাবেন।
যেমন, ওয়ার্ক ভিসায় আসার পর কোম্পানি নিয়োগ না দিলে এবং ৯০ দিনের মধ্যে নতুন নিয়োগকর্তা না মিললে কর্মী অবৈধ হয়ে যান। দূতাবাস জানায়, অনেক প্রতিষ্ঠান বেতন থেকে কাটা ট্যাক্স সরকারকে দেয় না বা সময়মতো ও ঠিকভাবে টিআরসির আবেদন করে না; এতেও অনেকে অনিচ্ছায় অবৈধ হন।
এমন কর্মীদের নতুন আইন কার্যকরের ৬০ দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশনে যোগাযোগ করতে হবে। তবে নতুন একজন বৈধ নিয়োগকর্তা খুঁজে তাঁর অধীনে ওয়ার্ক পারমিট নিয়ে পরে টিআরসি কার্ডের আবেদন করতে হবে।
নতুন ব্যবস্থায় শুরুতে জটিলতা দেখা দিতে পারে বলে প্রয়োজনে দূতাবাসের সহায়তা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা আগেই ‘রিটার্ন ডিসিশন’ (দেশত্যাগের নির্দেশ) পেয়েছেন বা অবৈধ পথে ঢুকেছেন, তাঁরা এ সুবিধা পাবেন না; চূড়ান্ত সিদ্ধান্ত দেবে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।



