রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় থাকা বাংলাদেশিদের অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লেখা বা শেয়ারের সময় সতর্ক, সংযত ও দায়িত্বশীল থাকতে বলেছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে সোমবার (১৭ আগস্ট) এ পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগাযোগ, তথ্য বিনিময় ও পারস্পরিক সংযোগের বড় মাধ্যম এখন সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু সেখানে দেওয়া পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিওর কারণে অনেক সময় আইনি ও অন্যান্য জটিলতায় পড়তে হতে পারে।
রাজনীতি, ধর্ম, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা বা অন্য কোনো স্পর্শকাতর বিষয়ে কিছু প্রকাশ বা শেয়ার করার সময় বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছে দূতাবাস। কোনো কিছু শেয়ারের আগে তার সত্যতা যাচাই করে ভালোভাবে ভেবে দেখতেও বলা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, এমন কোনো কনটেন্ট দেওয়া বা ছড়ানো যাবে না, যা স্বাগতিক দেশের আইনের পরিপন্থি কিংবা হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর। সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন মনে হতে পারে, এমন কিছু থেকেও দূরে থাকতে বলা হয়েছে।
বিদেশে থাকা বাংলাদেশিদের স্বাগতিক দেশের আইন ও বিধিবিধান মেনে চলা এবং সে দেশের সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতাকে সম্মান করা জরুরি বলে মনে করিয়ে দিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, সামাজিক মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার অনাকাঙ্ক্ষিত আইনি ঝামেলা এড়াতে সাহায্য করে এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ও নাগরিকদের মর্যাদা রক্ষায়ও ভূমিকা রাখে।



