জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে ব্যাটারদের দাপট ছিল চোখে পড়ার মতো। আসরজুড়ে হয়েছে ছয়টি ডাবল সেঞ্চুরি ও ৪৯টি সেঞ্চুরি, একই সঙ্গে প্রায় অর্ধেক ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। ব্যাটারদের এমন সাফল্যের পেছনে বল পরিবর্তনের প্রভাব দেখছেন এবারের চ্যাম্পিয়ন খুলনা বিভাগের কোচ তুষার ইমরান।

তাঁর মতে, ডিউক বলের বদলে কোকাবুরা বল ব্যবহারের কারণে ব্যাটাররা কিছুটা সুবিধা পেয়েছেন। তবে আগামী আসরেও কোকাবুরা বল রাখা হলে উইকেট আরও কঠিন করার পরামর্শ দিয়েছেন তিনি। তথ্যসূত্র: জাগো নিউজ স্পোর্টস।

এনসিএলের আগের দুই-তিন মৌসুমে খেলা হয়েছে ডিউক বলে। তাতে পেসাররা বাড়তি সুবিধা পেয়েছিলেন এবং ব্যাটারদের রান করতেও সংগ্রাম করতে হয়েছিল। এবার কোকাবুরা বলে ফেরার সিদ্ধান্তে ব্যাটারদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তুষার।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘গত দুই-তিন মৌসুম আমরা ডিউক বলে খেলেছি। তখন পেস বোলারদের প্রাধান্য ছিল, ব্যাটাররা একটু সংগ্রাম করছিল। সে ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের দারুণ উদ্যোগ ছিল, এ বছর কোকাবুরা বলে খেলা হবে।’

দীর্ঘ সময় রান না পেলে ব্যাটারদের আত্মবিশ্বাসে প্রভাব পড়ে। তুষারের মতে, কোকাবুরা বলে খেলার ফলে এবার সেই জায়গায় কিছুটা স্বস্তি পেয়েছেন ব্যাটাররা। তাঁর ভাষায়, ‘আপনি যখন দুই-তিন বছর পারফর্ম করবেন না, ব্যাটার হিসেবে আপনার আত্মবিশ্বাসের মাত্রা একটু কমে যাবে। কোকাবুরা বলে ফিরে আসায় ব্যাটাররা কিছুটা সুবিধা পেয়েছে। সে কারণেই হয়তো এতগুলো সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি হয়েছে।’

তবে শুধু ব্যাটারদের রান পাওয়াকে নেতিবাচকভাবে দেখছেন না খুলনার এই কোচ। তাঁর দল সাতটি ম্যাচ খেলে চারটিতে জয় পাওয়ার পথেই চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ ব্যাটিংবান্ধব উইকেটেও ম্যাচ জেতার পথ খুঁজে নিয়েছে দলগুলো। তুষার বলেন, ‘ম্যাচ ড্র হয়েছে অনেকগুলো, এটা ঠিক। তবে আমরা (খুলনা) সাতটি ম্যাচ খেলেছি, চারটি জিতেছি। সেই ফলের কারণেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’

তবে আগামী মৌসুমেও কোকাবুরা বলে খেলা হলে উইকেটে ঘাসের উপস্থিতি বাড়ানোর পক্ষে তিনি। তাঁর মতে, পিচে ঘাস থাকলে কোকাবুরা বলে পেসাররা বেশি সময় ধরে মুভমেন্ট আদায় করতে পারবেন, তাতে বাড়বে ব্যাটারদের চ্যালেঞ্জও।

তুষারের পরামর্শ, ‘উইকেটটা যদি আরেকটু কঠিন হতো, একটু ঘাস থাকত, তাহলে কোকাবুরা বলে যতক্ষণ বল করা যায়, পেসাররা ততক্ষণ মুভমেন্ট পেতেন। সামনের বছরও যদি কোকাবুরা বলে খেলা হয়, তাহলে উইকেটটা আরেকটু কঠিন করে দিলে ব্যাটারদের জন্য কিছুটা কঠিন হবে। খেলাটা আরও চ্যালেঞ্জিং হবে।’

Source: জাগো নিউজ২৪