ফুটবল মাঠে বাঁ-পায়ের জাদু, অবিশ্বাস্য ড্রিবলিং আর একক নৈপুণ্যে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা—এসব মিলিয়ে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা ছিলেন এক ব্যতিক্রমী ফুটবলার। ফুটবল সম্রাট খ্যাত এই আর্জেন্টাইন মহাতারকার মাঠের সেই জাদু আজও ভক্তদের স্মৃতিতে জীবন্ত। ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান তিনি। আজ ২৫ নভেম্বর, বুধবার, তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ছয় বছর পেরিয়ে গেলেও ফুটবলবিশ্বে তাঁর প্রভাব বা তাঁকে ঘিরে আবেগে কোনো ভাটা পড়েনি। বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে আজও স্মরণ করেন ভক্তরা।

দারিদ্র্য থেকে বিশ্বমঞ্চে

১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের কাছে ভিয়া ফিওরিতোতে জন্ম ম্যারাডোনার। দরিদ্র পরিবারে বড় হওয়া এই ফুটবল প্রতিভা ছোটবেলা থেকেই বল পায়ে অসাধারণ দক্ষতার পরিচয় দেন। মাত্র ১৫ বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তাঁর। এরপর তিনি বোকা জুনিয়র্স, বার্সেলোনা ও নাপোলির মতো ক্লাবে খেলেন।

ম্যারাডোনার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ১৯৮৬ সালের বিশ্বকাপ। মেক্সিকোতে অনুষ্ঠিত সেই আসরে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন করেন তিনি। টুর্নামেন্টে তাঁর নৈপুণ্য এতটাই অসাধারণ ছিল যে গোল্ডেন বলও জিতে নেন। ফিফার স্বীকৃতি অনুযায়ী, ওই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা তাঁর একটি গোল ২০০২ সালে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন ম্যারাডোনা। প্রথমটি ছিল হাত দিয়ে করা গোল। হাত দিয়ে বল জালে পাঠালেও রেফারি সেটি গোল হিসেবে মেনে নেন। দ্বিতীয় গোলটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের—মাঝমাঠের কাছ থেকে বল নিয়ে একের পর এক ইংরেজ খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠান তিনি। একই ম্যাচে বিতর্কিত ও অবিশ্বাস্য দুটি গোল ফুটবল ইতিহাসে ম্যারাডোনাকে আরও আলাদা করে দিয়েছে। তাঁর সেই দ্বিতীয় গোলই পরে শতাব্দীর সেরা গোলের স্বীকৃতি পায়।

নাপোলির নায়ক

ক্লাব ফুটবলেও ম্যারাডোনার প্রভাব ছিল অসাধারণ। ১৯৮৪ সালে বার্সেলোনা ছেড়ে ইতালির নাপোলিতে যোগ দেন তিনি। তাঁর হাত ধরেই ক্লাবটি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইতালিয়ান সিরি ‘আ’ শিরোপা জেতে ১৯৮৭ সালে। ১৯৯০ সালেও লিগ শিরোপা জিতে নাপোলি। ১৯৮৯ সালে উয়েফা কাপ জয়ের পথেও বড় ভূমিকা ছিল তাঁর। নাপোলির হয়ে সাত বছরের অধ্যায়ে শুধু শিরোপাই জেতেননি, দক্ষিণ ইতালির একটি শহরের মানুষের আবেগের অংশ হয়ে উঠেছিলেন ম্যারাডোনা। তাঁর প্রতি ভালোবাসার স্বীকৃতি হিসেবে পরবর্তী সময়ে ক্লাবটি অবসরে পাঠায় তাঁর ১০ নম্বর জার্সিটি।

বিতর্ক ও সংকটে ঘেরা জীবন

ম্যারাডোনার জীবন শুধু সাফল্য ও অর্জনের গল্প ছিল না। মাঠের বাইরের নানা বিতর্ক, ব্যক্তিগত সংকট ও শারীরিক সমস্যাও বারবার আলোচনায় এসেছে। মাদকসংক্রান্ত ঘটনায় নিষেধাজ্ঞার মুখেও পড়েন তিনি। ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে ১৯৯৪ বিশ্বকাপে দুই ম্যাচ খেলার পর বহিষ্কৃত হতে হয় তাঁকে। ১৯৯৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়ে যুক্ত হন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। ২০১০ বিশ্বকাপেও ডাগআউট থেকে দলকে নেতৃত্ব দেন তিনি।

যে দিন থেমে গেল হৃদস্পন্দন

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মৃত্যুবরণ করেন ম্যারাডোনা। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। ৬০ বছর বয়সে তাঁর বিদায়ের খবরে শোকের ছায়া নেমে আসে আর্জেন্টিনা থেকে শুরু করে গোটা ফুটবলবিশ্বে। তাঁর মৃত্যুর পর আর্জেন্টিনার মানুষ যেমন শোকে ভেঙে পড়েছিলেন, তেমনি নাপোলির সমর্থকরাও হারিয়েছিলেন তাঁদের সবচেয়ে প্রিয় নায়ককে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও বলেছিলেন, ফুটবলকে ভালোবাসতে বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে ম্যারাডোনার অবদান অনন্য।

ছয় বছর আগে থেমে গেছে তাঁর হৃদস্পন্দন, কিন্তু থামেনি তাঁকে ঘিরে ফুটবলপ্রেমীদের আবেগ। বল পায়ে তাঁর সেই জাদুকরি ছন্দ, অবিশ্বাস্য গোল আর ১০ নম্বর জার্সির স্মৃতি আজও ফুটবল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ম্যারাডোনা নেই, ছয়টি বছর হয়ে গেল—তবু ফুটবল যত দিন থাকবে, দিয়েগো আরমান্দো ম্যারাডোনার নামও তত দিন বেঁচে থাকবে।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪