ভালোবাসা দিবসে বাংলাদেশের ক্রিকেটে যোগ হতে যাচ্ছে এক আবেগের অধ্যায়। ১৪ ফেব্রুয়ারি ঢাকায় শুরু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই সাদা পোশাক তুলে রাখবেন মুশফিকুর রহিম।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে বোর্ড সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, মুশফিক নিজেই তাঁকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্ট। সেই ম্যাচ দিয়েই ২১ বছরের বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

ফলে ভালোবাসা দিবসের ম্যাচটি শুধু সিরিজের উদ্বোধনী লড়াই নয়, হয়ে উঠবে দেশের ক্রিকেটের অন্যতম সফল এক টেস্ট ক্রিকেটারের বিদায়ী মঞ্চ। বোর্ড সভা শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তামিম জানান, কয়েক দিন আগেই মুশফিক তাঁকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শুরুতে সংবাদ সম্মেলন করে নিজেই অবসরের ঘোষণা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিসিবি সভাপতি। তবে মুশফিকের অনুরোধেই তাঁর অবসরের খবরটি প্রকাশ্যে আনেন তামিম।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের দখলে। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তিনি। ব্যাট হাতে যেমন দলের ভরসা হয়েছেন, তেমনি উইকেটের পেছনেও সামলেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিন সংস্করণেই প্রায় দুই দশক ধরে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এই উইকেটকিপার-ব্যাটার।

এবার সেই দীর্ঘ পথচলার শেষ অধ্যায় লেখা হবে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকার মাঠে। তারিখটি ভালোবাসা দিবস। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে দিনটি তাই এবার শুধু ভালোবাসার নয়, মুশফিককে বিদায় জানানোরও। ভালোবাসার দিনেই দেশের ক্রিকেটে নেমে আসবে বিষাদের ছায়া।

তথ্যসূত্র: জাগো নিউজ স্পোর্টস

Source: জাগো নিউজ২৪