২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়া ক্রিকেটে যে স্যান্ডপেপার কেলেঙ্কারি শুরু হয়েছিল, তা আট বছর পরও ক্রিকেট অঙ্গনকে তাড়া করে ফিরছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজার একটি বই প্রকাশের পর পুরোনো সেই বিতর্ক আবারও নতুন করে আলোচনায় এসেছে। খাজার বইয়ে পুরো দলকে এই ঘটনার জন্য দায়ী করার অভিযোগ ওঠায় সাবেক ও বর্তমান অস্ট্রেলীয় ক্রিকেটারদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক মনে করেন, এই বিতর্ক পেছনে ফেলে ক্রিকেটকে এখন সামনে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত।
ভারতের গুরুগ্রামে এক প্রচারণামূলক অনুষ্ঠানে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কুক বলেন, ‘এখন আমাদের প্রতিক্রিয়া অন্য সব দেশের মতোই। স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে সবাই বিরক্ত। ঘটনাটি ঘটেছে, এ নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি সত্যিই চাই না, এর কারণে আর কারও ক্ষতি হোক। বিশেষ করে তিনজন (স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট) শাস্তি ভোগ করেছেন। ক্রিকেটের এখন সামনে এগিয়ে যাওয়া এবং খেলাটির ভবিষ্যতের দিকে তাকানো উচিত।’
মামলাটি অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় কেলেঙ্কারি হিসেবে স্থান করে নিয়েছিল। বল টেম্পারিংয়ের ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ক্যামেরন ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। শাস্তি শেষে মাঠে ফিরলেও স্মিথ ও ওয়ার্নারের ওপর এর প্রভাব ছিল দীর্ঘস্থায়ী। মাঠে আগ্রাসী মেজাজের জন্য পরিচিত এই দুই ক্রিকেটারকে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছিল।
খাজার বই প্রকাশের পর এই বিতর্ক আবারও মাথাচাড়া দিয়েছে। ওয়ার্নার, সাবেক পেসার চ্যাড সায়ার্স এবং ব্যানক্রফট দাবি করেছেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনার কথা পুরো দলেরই জানা ছিল। ব্যানক্রফট এ নিয়ে প্রায় চার হাজার শব্দের একটি বিবৃতিও দিয়েছেন। তবে সেই সিরিজের পেস আক্রমণের সদস্য বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক আগের অবস্থানেই অনড়। তাদের দাবি, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে তারা কিছুই জানতেন না। ফলে অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন করে বিভক্তি তৈরি হয়েছে।
এই বিভক্তি ও বিতর্কের মধ্যে কুকের মন্তব্য এসেছে। তিনি এই ঘটনাকে পেছনে ফেলে ক্রিকেটের ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্র: জাগো নিউজ স্পোর্টস
Source: জাগো নিউজ২৪






