শীতের সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখা যায়, ব্যাটারির চার্জ অনেকখানি কমে গেছে। চার্জে বসানোর পরও আগের মতো দ্রুত চার্জ হচ্ছে না। কখনো ২০ থেকে ৩০ শতাংশ চার্জ থাকা অবস্থাতেই হঠাৎ বন্ধ হয়ে যায় স্মার্টফোন। এমন পরিস্থিতিতে অনেকেই ধরে নেন ব্যাটারি নষ্ট হয়ে গেছে। কিন্তু সব সময় এর পেছনে ফোনের ত্রুটি থাকে না; বাইরের তাপমাত্রা কমে গেলেও স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতায় পরিবর্তন আসতে পারে।

বর্তমানে বেশির ভাগ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। নির্দিষ্ট একটি তাপমাত্রার পরিসরে এই ব্যাটারি সবচেয়ে ভালো কাজ করে। অতিরিক্ত গরম যেমন ব্যাটারির জন্য ক্ষতিকর, তেমনি প্রচণ্ড ঠান্ডাও তার স্বাভাবিক কার্যক্রমে বাধা তৈরি করতে পারে।

কম তাপমাত্রায় চার্জ ধীর কেন

লিথিয়াম-আয়ন ব্যাটারির ভেতরে চার্জ জমা ও সরবরাহের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া এবং আয়নের চলাচল গুরুত্বপূর্ণ। তাপমাত্রা অনেক কমে গেলে এই প্রক্রিয়ার গতি কমে যায়। ফলে স্বাভাবিক অবস্থার তুলনায় ব্যাটারি ধীরে চার্জ গ্রহণ করে। এ কারণেই শীতে ফোন চার্জে লাগানোর পর চার্জের গতি কম মনে হতে পারে।

তবে সব ফোনে একই মাত্রায় এই সমস্যা দেখা যায় না। ফোনের মডেল, ব্যাটারির বর্তমান অবস্থা এবং আশপাশের তাপমাত্রার ওপর বিষয়টি নির্ভর করে।

চার্জ থাকলেও হঠাৎ বন্ধ হওয়ার কারণ

শীতকালে অনেকের ক্ষেত্রেই দেখা যায়, ফোনে ২০ বা ৩০ শতাংশ চার্জ দেখাচ্ছে, কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। এর পেছনেও কম তাপমাত্রার প্রভাব রয়েছে। প্রচণ্ড ঠান্ডায় ব্যাটারির অভ্যন্তরীণ প্রতিরোধ বেড়ে যেতে পারে, যার ফলে ফোনের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়। ব্যাটারি পুরোনো হলে বা চার্জ কম থাকলে এমন পরিস্থিতি বেশি দেখা দিতে পারে।

তবে তাপমাত্রা স্বাভাবিক হয়ে এলে অনেক ক্ষেত্রেই ফোন আবার চালু হয় এবং ব্যাটারির চার্জের হিসাবও কিছুটা বদলে যেতে পারে। অর্থাৎ, ঠান্ডায় চার্জ দ্রুত কমে যাওয়ার যে অনুভূতি হয়, তা সব সময় ব্যাটারির স্থায়ী ক্ষতির ইঙ্গিত নয়।

ফোন নিজেই কী সুরক্ষা নেয়

আধুনিক স্মার্টফোনে ব্যাটারি ম্যানেজমেন্ট ব্যবস্থা থাকে। ব্যাটারির তাপমাত্রা নিরাপদ সীমার বাইরে চলে গেলে এই ব্যবস্থা চার্জিংয়ের গতি কমিয়ে দিতে পারে, প্রয়োজনে সাময়িকভাবে চার্জিং বন্ধও করে দিতে পারে। এর উদ্দেশ্য ব্যাটারিকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। তাই ঠান্ডার কারণে ফোন চার্জ হতে দেরি করলে প্রথমেই চার্জার বা ব্যাটারি নষ্ট হয়েছে বলে ধরে নেওয়া ঠিক নয়। তবে স্বাভাবিক তাপমাত্রায় ফিরিয়েও সমস্যা থেকে গেলে চার্জার, কেবল ও ব্যাটারির অবস্থা যাচাই করা প্রয়োজন।

কখন সতর্ক হবেন

শীতের কারণে ব্যাটারির কার্যক্ষমতা সাময়িকভাবে কমতে পারে। কিন্তু ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেও ফোন দ্রুত চার্জ হারালে, বারবার বন্ধ হয়ে গেলে কিংবা চার্জ হতে অস্বাভাবিক সময় নিলে একে শুধু আবহাওয়ার প্রভাব বলে এড়িয়ে যাওয়া উচিত নয়। এমন ক্ষেত্রে ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো।

মনে রাখতে হবে, স্মার্টফোনও আবহাওয়ার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়। শীতে নিজের যত্নে যেমন বাড়তি সতর্কতা প্রয়োজন, তেমনি ফোনের ক্ষেত্রেও একটু বাড়তি নজর রাখতে হয়। কারণ ঠান্ডা থেকে বাঁচাতে গিয়ে ভুল পদ্ধতিতে গরম করার চেষ্টা করলে ব্যাটারির ঝুঁকি আরও বাড়তে পারে।

Source: জাগো নিউজ২৪